সোমবার নেদারল্যান্ডস ঘরের মাঠে লিথুয়ানিয়াকে ৪–০ গোলে উড়িয়ে দিয়ে তারা ইউরোপিয়ান বাছাইপর্বের গ্রুপ–জি থেকে শীর্ষে থেকে সরাসরি কোয়ালিফাই করে। তিন পয়েন্টের ব্যবধানে ডাচরা পেছনে ফেলেছে পোল্যান্ডকে। পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে খেলেছে নেদারল্যান্ডস। ব্যবধান আরও বাড়তে পারত, তবে শেষ পর্যন্ত ২০ পয়েন্ট নিয়ে তারা অপরাজিতভাবেই গ্রুপ পর্ব শেষ করে। মাল্টার মাঠে কষ্টার্জিত ৩–২ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে পোল্যান্ড।
ম্যাচের ১৬তম মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের পাস ধরে ঘুরে দাঁড়িয়ে নিখুঁত শটে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে নেন তিজান রেইয়োন্ডার্স। পোল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে একাদশের বাইরে থাকলেও জাস্টিন ক্লুইভার্টের চোটে সুযোগ পেয়ে নিজের যোগ্যতার প্রমাণ দেন তিনি। ৩০তম মিনিটে মাঝমাঠ ভেদ করে তার দারুণ বাঁকানো শট পোস্টে লেগে মাঠে ফেরত না আসলে দ্বিতীয় গোলও পেতে পারতেন রেইয়োন্ডার্স।
৫৮তম মিনিটে ভিএআর চেকের পর পেনাল্টি পায় নেদারল্যান্ডস। ম্যাথাইস ডি লিকটের সঙ্গে লড়াইয়ে লিথুয়ানিয়ার আর্তেমিজুস টুত্যস্কিনাস বল হাতে লাগিয়ে ফেললে রেফারি স্পট কিক দেন। পেনাল্টি থেকে সহজেই গোল করেন কোডি গাকপো।
আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়াকে ৪-০ গোলে হারালো স্পেন
৬০তম মিনিটে দুর্দান্ত এক একক প্রচেষ্টায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে ব্যবধান ৩–০ করেন জাভি সিমন্স। আর দুই মিনিট পর কাউন্টার আক্রমণে দ্রুতগতিতে উঠে বাম পায়ে জোরালো শটে চতুর্থ গোলটি করেন ডনিয়েল ম্যালেন। আগামী বছর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটি হবে নেদারল্যান্ডসের ১২তম বিশ্বকাপ উপস্থিতি। ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালের আসরে তারা ফাইনালে উঠে রানার্স–আপ হয়েছিল।


















































































































































































































































































































































































































































