চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু হচ্ছে আজ শনিবার (২০ সেপ্টেম্বর)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮:৩০টায় বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে এই পর্বের পর্দা উঠছে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ, আজ লিটন কুমার দাসের দলের সামনে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ।
গ্রুপ পর্বে বাংলাদেশ হংকংকে হারিয়ে আসর শুরু করে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে হারতে হয়। তবে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১৫৪ রান ডিফেন্ড করে ৮ রানের জয়ে সুপার ফোরের পথে এগিয়ে যায় টাইগাররা। রানরেটে পিছিয়ে থাকায় শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে লঙ্কানদের জয়ের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার জয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে জায়গা করে নেয় লিটনের দল।
সুপার ফোরে চার দলের প্রত্যেকে একে অপরের সঙ্গে একবার করে খেলবে। শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ২৪ ও ২৫ সেপ্টেম্বর টানা দুই দিন ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে। শ্রীলঙ্কাকে হারালে ভারতের বিপক্ষে মানসিকভাবে শক্ত অবস্থানে থাকবে টাইগাররা।
দুবাইয়ে আজকের ম্যাচে ব্যাটিংয়ে গেলে বাংলাদেশকে কমপক্ষে ১৭০ রানের লক্ষ্য নিতে হবে। ফিল্ডিংয়ে গেলে প্রতিপক্ষকে ১৫০ রানের মধ্যে আটকে রাখতে হবে। ব্যাটারদের হিসেবী খেলার পাশাপাশি অতি আক্রমণাত্মক বা অতিরিক্ত রক্ষণাত্মক হওয়া থেকে বিরত থাকতে হবে। সম্ভাব্য ফ্রেশ উইকেটে প্রথম কয়েক ওভারে উইকেটের চরিত্র বুঝে কৌশল ঠিক করতে হবে লিটনের দলকে।
আরও পড়ুন: সুপার ফোরের সময়সূচি
টাইগার সমর্থকরা আজ শ্রীলঙ্কার পরাজয় কামনা করছেন। গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নিয়ে সুপার ফোরে শুভ সূচনার প্রত্যাশায় বাংলাদেশ।


















































































































































































































































































































































































































































