বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের জন্য বাফুফের ৬ নির্দেশনা-newsedge4

আজ সন্ধ্যা ৭টায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। তবে ম্যাচ দেখতে আসা দর্শকদের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।

বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়, তবে দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলবে দুপুর ২টায়। নকল বা জাল টিকিটধারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত ২৪ মে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের জন্য ১৮,৩০০ টিকিট বিক্রি শুরু হওয়ার পর রাতারাতি সব টিকিট বিক্রি হয়ে যায়। তবে সাইবার হামলাসহ বিভিন্ন জটিলতার কারণে অনেক সমর্থক টিকিট পাননি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

দর্শকদের সুবিধার জন্য বাফুফে জানিয়েছে, জাতীয় স্টেডিয়ামের গেট ৩-এ প্রবেশের জন্য দর্শকদের বাইরের গেটে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। দৈনিক বাংলা থেকে রাউজক ভবন পর্যন্ত দুটি লেন থাকবে, যার একটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। টিকিটবিহীন দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের কোনো সুযোগ নেই। তবে তাদের জন্য দেশের বিভিন্ন বিভাগীয় শহরে বড় পর্দায় ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছে।

বাফুফের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দর্শকেরা কোনো ব্যাগ, বোতল বা অতিরিক্ত সামগ্রী নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। এসব নির্দেশনা মেনে দর্শকদের ম্যাচ উপভোগ করতে সহযোগিতার আহ্বান জানিয়েছে বাফুফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *