বিপিএল খেলতে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম গতকাল রাতে ইনস্টাগ্রামে স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। ঢাকা ক্যাপিটালসের হয়ে সিলেটে অবস্থান করা এই ক্রিকেটারের এই ঘোষণা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ইমাদ তার ইনস্টাগ্রাম বিবৃতিতে জানান, দীর্ঘ কয়েক বছর ধরে চলা অমীমাংসিত মতপার্থক্যের কারণে তিনি সানিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। তিনি অনুরোধ করেন, ভবিষ্যতে সানিয়াকে তার স্ত্রী হিসেবে উল্লেখ না করা হোক। একইসঙ্গে ব্যক্তিগত বিষয়টিকে সম্মান জানাতে এবং পুরোনো ছবি বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দিতে সবার প্রতি আহ্বান জানান।
সম্পর্ক নিয়ে ভুল ব্যাখ্যা, অপপ্রচার বা তৃতীয় পক্ষ জড়িয়ে মানহানিকর কিছু করা হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সন্তানদের প্রসঙ্গে ইমাদ বলেন, বাবা হিসেবে তিনি দায়িত্বশীলভাবে তাদের দেখভাল করবেন।
ইমাদের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে পাল্টা বক্তব্য তুলে ধরেন সানিয়া আশফাক। তিনি দাবি করেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপই তাদের দাম্পত্য জীবনের ভাঙনের মূল কারণ। সানিয়া লেখেন, “আমার ঘর ভেঙে গেছে, আমার সন্তানেরা তাদের বাবাকে হারিয়েছে। আমি তিন সন্তানের মা, যার মধ্যে পাঁচ মাসের একটি শিশুও আছে, যাকে তার বাবা এখনো কোলে নেয়নি।”
তিনি বলেন, তার নীরবতাকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। অনেক দাম্পত্য জীবনের মতো তাদের সংসারেও সমস্যা ছিল, কিন্তু তিনি স্ত্রী ও মা হিসেবে সম্পর্ক টিকিয়ে রাখতে আন্তরিক চেষ্টা করেছেন। তবে তার ভাষ্য অনুযায়ী, ইমাদকে বিয়ে করতে আগ্রহী এক তৃতীয় ব্যক্তির জড়িত হওয়াই তাদের সম্পর্কে ‘চূড়ান্ত আঘাত’ হয়ে আসে।
সানিয়া মানসিক নির্যাতন, দুর্ব্যবহার এবং গর্ভপাতের মতো কঠিন অভিজ্ঞতার অভিযোগও তোলেন। সন্তানদের স্বার্থ ও পরিবারের সম্মান রক্ষায় তিনি ধৈর্য ধরেছিলেন বলে উল্লেখ করেন। বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, বিষয়টি এখনো আইনগতভাবে বিতর্কিত ও তদন্তাধীন। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সত্য প্রকাশ পাবে বলে আশা প্রকাশ করেন। তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা বা হুমকি দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
আরও পড়ুন: বিপিএলে উদ্বোধনী ম্যাচে শান্তর সেঞ্চুরিতে জিতলো রাজশাহী
পোস্টে পবিত্র কোরআনের দুটি আয়াত উদ্ধৃত করে সানিয়া লেখেন, আল্লাহ অন্যায়কারীদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত এবং ভালো নারী ভালো পুরুষের জন্যই। তিনি বলেন, ঘটনায় জড়িত প্রত্যেকের বিষয়ে প্রমাণ নথিভুক্ত আছে, যদিও সেগুলো প্রকাশ না করতে তাকে হুমকি দেওয়া হচ্ছে। ২০১৯ সালে ইমাদ ওয়াসিম ও সানিয়া আশফাকের বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।
ক্রিকেটের মাঠে অবশ্য দারুণ ছন্দে আছেন ইমাদ। গত শনিবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে রাজশাহীর বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে তার দলের পরের ম্যাচ।


















































































































































































































































































































































































































































