ইংল্যান্ডের মাটিতে দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে সিরিজ জয়-newsedge24
  • September 5, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

ইংল্যান্ড সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা। ১৯৯৮ সালের পর ইংল্যান্ডের মাটিতে এটিই দক্ষিণ আফ্রিকার প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়। এই জয়ে বিশেষ ভূমিকা রেখেছেন ম্যাথু ব্রিটস্কি, যিনি ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডে ম্যাচের প্রতিটিতে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েছেন।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩০ রান সংগ্রহ করে, যা ক্রিকেটের তীর্থভূমি খ্যাত লর্ডসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। রান তাড়া করতে নেমে ইংল্যান্ড শেষ বল পর্যন্ত লড়াই করলেও ৫ রানের জন্য জয় থেকে বঞ্চিত হয়, থামে ৩২৫ রানে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ম্যাচ শেষে বলেন, “আমি খুবই গর্বিত, এটা একটি দারুণ ক্রিকেট ম্যাচ ছিল। যারা খেলা দেখতে এসেছিলেন, তারা নিশ্চিতভাবেই আনন্দ পেয়েছেন।”

দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতে ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন ৭৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। রিকেলটন ৩৫ রানে ফিরলেও মার্করাম ৪৯ রানে আউট হন, মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন। ম্যাথু ব্রিটস্কি ৭৭ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যা ছিল দলের সর্বোচ্চ। ত্রিস্তান স্টাবসের সঙ্গে চতুর্থ উইকেটে ১২৬ বলে ১৪৭ রানের জুটি গড়েন তিনি। স্টাবস ফেরেন ৫৮ রানে। শেষ দিকে ডেওয়াল্ড ব্রেভিসের ২০ বলে ৪২ এবং কর্বিন বসচের ৩২* রানে দক্ষিণ আফ্রিকার রান বড় হয়। ইংল্যান্ডের হয়ে জফরা আর্চার সর্বোচ্চ ৪ উইকেট নেন।

আরও পড়ুন: এসএ টোয়েন্টি নিলামে ১৪ বাংলাদেশি ক্রিকেটার

রান তাড়ায় ইংল্যান্ড শুরুতেই ধাক্কা খায়। ইনিংসের প্রথম বলেই আউট হন ওপেনার জেমি স্মিথ। আরেক ওপেনার বেন ডাকেট ৩৩ বলে ১৪ রানে ফিরলেও জো রুটের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন। রুট ও জ্যাকব বেথেল তৃতীয় উইকেটে ৭৭ রান যোগ করেন। রুট ৬১ এবং বেথেল ৫৮ রানে আউট হন। অধিনায়ক হ্যারি ব্রুক (৩৩) ও জস বাটলার (৬১) পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন। উইল জ্যাকস ৩৯ রানে ফিরলে দলীয় স্কোর দাঁড়ায় ২৯০/৮। শেষ দিকে জফরা আর্চারের ১৪ বলে ২৭ রান জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত ৫ রানের জন্য হার মানে ইংল্যান্ড।

২০২৩ বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ড ছয়টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের পাঁচটিতেই হেরেছে। চলতি বছর ১১ ম্যাচের ৮টিতে হার দেখেছে হ্যারি ব্রুকের দল। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা গত জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছর পর আইসিসি ট্রফি জিতেছিল। এবার ইংল্যান্ডের মাটিতে ২৭ বছর পর ওয়ানডে সিরিজ জিতল তারা।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) সাউদাম্পটনের দ্য রোজ বোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *