বাংলাদেশ ক্রিকেট বোর্ড-জাতীয় দল-পেসার-মোস্তাফিজুর রহমান-newsedge24
  • July 23, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ বোলিং পারফরম্যান্সের জেরে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ উন্নতি করে যৌথভাবে নবম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ভারতের পেসার অর্শদীপ সিংয়ের সঙ্গে তার রেটিং পয়েন্ট সমান ৬৫৩। ২০২১ সালের অক্টোবরের পর এটিই মোস্তাফিজুরের প্রথম শীর্ষ দশে ফেরা।

সিরিজের প্রথম ম্যাচে মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন, যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড। দ্বিতীয় ম্যাচে ১৫ রানে ১ উইকেট নেন তিনি। এই পারফরম্যান্সে বাংলাদেশ দুটি ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করে।

টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ আটে কোনো পরিবর্তন হয়নি। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি শীর্ষে, ইংল্যান্ডের আদিল রশিদ দ্বিতীয় এবং ভারতের বরুণ চক্রবর্তী তৃতীয় স্থানে রয়েছেন। বাংলাদেশের আরেক স্পিনার মেহেদী হাসান ৯ ধাপ উন্নতি করে ১৬তম, তানজিম হাসান ৯ ধাপ এগিয়ে ৩৮তম এবং শরীফুল ইসলাম ১৪ ধাপ উন্নতি করে ৪৩তম স্থানে উঠে এসেছেন। মেহেদী প্রথম ম্যাচে ৩৭ রানে ১ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ২৫ রানে ২ উইকেট নেন। তানজিম প্রথম ম্যাচে ২০ রানে ১ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ২৩ রানে ২ উইকেট পান। শরীফুল দ্বিতীয় ম্যাচে ১৭ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে নাটকীয় জয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের তানজিদ হাসান ১৮ ধাপ উন্নতি করে ৩৭তম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ১ রান করলেও শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ জুলাইয়ের ম্যাচে অপরাজিত ৭৩ রানের ইনিংস তাকে এই উন্নতি এনে দেয়। জাকের আলী ১৭ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে উঠেছেন, দ্বিতীয় ম্যাচে তার ৫৫ রানের ইনিংস ছিল ম্যাচ জেতানো। তাওহিদ হৃদয় ২ ধাপ উন্নতি করে ৪০তম এবং পারভেজ হোসেন ২২ ধাপ এগিয়ে ৬৩তম স্থানে পৌঁছেছেন। পারভেজ প্রথম ম্যাচে অপরাজিত ৫৬ ও দ্বিতীয় ম্যাচে ১৩ রান করেন।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে মেহেদী হাসান ১৩ ধাপ উন্নতি করে ৩৫তম স্থানে উঠেছেন। তিনি দ্বিতীয় ম্যাচে ৩৩ রান ও ২ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবে মেহেদী হাসান মিরাজ ৩ ধাপ অবনমন হয়ে ৪১তম, রিশাদ হোসেন ১ ধাপ পিছিয়ে ৫৪তম এবং তানজিম হাসান ৩ ধাপ উন্নতি করে ৮১তম স্থানে রয়েছেন।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, দুইয়ে ভারতের অভিষেক শর্মা এবং তিনে তিলক বর্মা। অলরাউন্ডারদের শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া, দ্বিতীয় স্থানে ৭ ধাপ উন্নতি করে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *