অধিনায়ক লিটন দাসের সরাসরি সমালোচনার পর আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও নির্ধারক টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী। প্রথম দুই ম্যাচের দলে না থাকা এই অলরাউন্ডার শামীম শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে।
লিটন দাস দ্বিতীয় ম্যাচের পর সংবাদ সম্মেলনে খোলাখুলি বলেছিলেন, “আমার মনে হয় শামীমকে দলে রাখা ভালো হতো। আমাদের (অধিনায়ক ও কোচ) সঙ্গে কোনো আলোচনা না করেই নির্বাচকরা তাকে বাদ দিয়েছেন। সাধারণত অধিনায়কের জানা উচিত কে থাকবে, কে থাকবে না। শামীমকে বাদ দেওয়ার কোনো কারণ আমি দেখতে পাইনি।”
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু প্রথমে জানিয়েছিলেন, মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কনকে সুযোগ দেওয়ার জন্যই শামীমকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু লিটনের স্পষ্ট সমালোচনার পর নির্বাচক প্যানেল পিছু হটে এবং শামীমকে দলে ফেরায়।
সিরিজ এখন ১-১ সমতায়। তৃতীয় ও নির্ধারক ম্যাচটি হবে সোমবার (১ ডিসেম্বর)।
আরও পড়ুন: সংবাদ সম্মেলনে দল ঘোষণা নিয়ে লিটনের ক্ষোভ প্রকাশ
শামীমের সাম্প্রতিক ফর্ম তেমন ভালো নয়। তার শেষ চার টি-টোয়েন্টি ইনিংস: ০, ০, ১, ১। তবে লিটন ও কোচ ফিল সিমন্স মনে করেন, তার বিস্ফোরক ব্যাটিং ও অফস্পিন অলরাউন্ড সামর্থ্য দলের জন্য গুরুত্বপূর্ণ।


















































































































































































































































































































































































































































