বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপসারিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-এর কাছে আনুষ্ঠানিকভাবে সাহায্য চেয়েছেন।
ক্রিকেটকভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, তিনি আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছেন যে, তাকে বোর্ড থেকে অপসারণ অবৈধ এবং এ বিষয়ে আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন। সরকার তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার একদিন পরই তিনি এই চিঠি পাঠান। একই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আইসিসির অনুরোধ তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন। এখন সেই একই আইসিসির কাছেই তিনি নিজের পদ রক্ষায় সুরক্ষা চাইছেন।
আইসিসির একজন পরিচালক বিস্ময় প্রকাশ করে বলেছেন, “যিনি বিশ্বকাপ বর্জনের সময় সরকারের নির্দেশনার কথা তুলে ধরে আইসিসির অনুরোধ উপেক্ষা করেছিলেন, তিনিই এখন সরকারের পদক্ষেপের বিরুদ্ধে আইসিসির সাহায্য চাইছেন—এটি খুবই আশ্চর্যজনক।”
আরও পড়ুন: বোর্ড ভেঙে দিয়ে বিসিবির আহ্বায়ক কমিটি গঠন, সভাপতি তামিম ইকবাল
আমিনুল ইসলাম বুলবুল এক বিবৃতিতে আইসিসিকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, নির্বাচিত বোর্ডের মর্যাদা রক্ষায় সংস্থাটির ভূমিকা জরুরি। তিনি অভিযোগ করেন, গঠিত বিশেষ কমিটি অবৈধ এবং তদন্ত প্রতিবেদন গ্রহণযোগ্য নয়। তিনি আরও দাবি করেন, ২০২৫ সালের ৬ অক্টোবর নিরপেক্ষ তিন সদস্যের কমিশনের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনকে কোনো সরকারি সংস্থা প্রশ্নবিদ্ধ করতে পারে না। ২০২৬ সালের ৫ এপ্রিল জমা দেওয়া তদন্ত প্রতিবেদনকে তিনি ত্রুটিপূর্ণ, খামখেয়ালি ও আইনগতভাবে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন।


















































































































































































































































































































































































































































