বুলবুল-ফাহিম-newsedge4
  • September 30, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালন পর্ষদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ প্রকাশিত খসড়া তালিকায় ৫১টি মনোনয়নপত্রের মধ্যে ৪৮টি বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনটি মনোনয়ন অবৈধ বলে বাতিল করা হয়েছে, যার মধ্যে একটি ঢাকা বিভাগের প্রার্থী এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের। ফলে ঢাকা বিভাগ থেকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে জয়ী হওয়ার পথে।

বিসিবির নির্বাচনী কাজে নিয়োজিত রিটার্নিং অফিসার ড. শেখ জুবায়েদ হাসান এক ব্রিফিংয়ে বলেন, “ঢাকা বিভাগে তিনটি মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের মনোনয়ন বাতিল হয়েছে। চট্টগ্রাম বিভাগে জমা পড়া চারটি মনোনয়নের মধ্যে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে।

রাজশাহী বিভাগে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার হাসিবুল আলমের মনোনয়নও বাতিল হয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ও পাবনার মনোনয়ন বৈধ। খুলনার দুটি, রংপুরের তিনটি, সিলেটের একটি এবং বরিশালের ভোলা জেলা ক্রীড়া সংস্থার একটি মনোনয়ন বৈধ হয়েছে। ক্যাটাগরি–২ এর ৩০টি এবং ক্যাটাগরি–৩ এর তিনটি মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।”

বর্তমানে সিলেট থেকে রাহাত সামস, বরিশাল থেকে শাখাওয়াত হোসেন, খুলনা থেকে জুলফিকার আলী খান ও আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিভাগের বুলবুল ও ফাহিম।

আরও পড়ুন: ৬ অক্টোবর বিসিবি নির্বাচন

যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আজ (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল দাখিল করতে পারবেন। আপিলের শুনানি হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। একই দিন বিকেল ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *