মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র বিতর্ক-newsedge4

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্রিকেট মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতের কংগ্রেস এমপি শশী থারুর ও বিশ্বজয়ী সাবেক ক্রিকেটার মদন লাল। তারা একবাক্যে বলেছেন, খেলাধুলায় রাজনীতি ঢোকানো উচিত নয়।

সাবেক ভারতীয় পেসার মদন লাল ইন্ডিয়া টুডেকে বলেন, “খেলাধুলোর ভেতরে রাজনীতির প্রভাব দিন দিন ভয়ংকরভাবে বাড়ছে। আমার মনে হয়, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের প্রশ্ন করার কেউ নেই। কেউই বোর্ডকে চ্যালেঞ্জ করতে পারে না। আমি বুঝতে পারছি না, কেন খেলাধুলোর মধ্যে এত রাজনীতি ঢুকে পড়ছে। ক্রিকেট কোন দিকে যাচ্ছে, খেলাধুলোর ভবিষ্যৎই বা কী—সেটাই এখন বড় প্রশ্ন।”

তিনি আরও বলেন, “বেশিরভাগ সংস্থাই এই ধরনের ঘটনায় খেলোয়াড়দের সামনে ঠেলে দেয়। এটাই সবচেয়ে বড় সমস্যা। খেলোয়াড়দের ব্যবহার করা হয়। খেলাধুলোর মধ্যে রাজনীতি থাকা উচিত নয়। এটা অত্যন্ত দুঃখজনক।”

কংগ্রেস এমপি শশী থারুর স্টেটসম্যানকে বলেন, “বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলার দায় ক্রিকেটের ওপর চাপানো ঠিক হবে না। আমাদের উচিত কিছু ক্ষেত্রকে অন্য বিষয় থেকে আলাদা রাখা। আমরা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের সংখ্যালঘুদের সুরক্ষা ও দেখভালের জন্য সঠিক পদক্ষেপ নিতে অনুরোধ করছি—এই বার্তা দেওয়া আমাদের চালিয়ে যেতে হবে।”

উল্লেখ্য, মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর—যা তাকে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার বানায়। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ভারত-বিরোধী আবহের কারণে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর তাকে স্কোয়াড থেকে ছাড়তে বাধ্য হয়। নিলামের পর কেকেআর মালিক শাহরুখ খান কট্টরপন্থীদের তোপের মুখে পড়েন। বিজেপি নেতা সঙ্গীত সোম তাকে ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করেন এবং ধর্মীয় নেতা দেবকীনন্দন ঠাকুরও কড়া সমালোচনা করেন।

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবার আইপিএলে দল পেয়েছিলেন মোস্তাফিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *