সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা শনিবার রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএলের ২৭তম ম্যাচে ঝড় তুলেছেন। মাত্র ৫৫ বলে ১৪১ রানের ইনিংস খেলে তিনি গড়েছেন আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড। তবে এই ঐতিহাসিক ইনিংসের শুরুটা ছিল আরও নাটকীয়।
ইনিংসের প্রথম ৮ বলের মধ্যে ৬টিতেই বাউন্ডারি হাঁকিয়ে অভিষেক তুলে নিয়েছিলেন ২৮ রান। কিন্তু নবম বলে আরেকটি বাউন্ডারি মারতে গিয়ে তিনি তুলে দেন ক্যাচ। স্টেডিয়ামে থাকা হায়দরাবাদের সমর্থকদের উচ্ছ্বাস যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। বিশেষ করে অভিষেকের বাবা রাজ কুমার শর্মার মনটা ভারী হয়ে ওঠে। প্রথমবার ছেলের খেলা মাঠে বসে দেখতে এসে তিনি ভেবেছিলেন, হয়তো তাঁর উপস্থিতিই ছেলের ইনিংস ছোট করে দিল।কিন্তু ভাগ্যের পরিহাস, সেই ক্যাচটি ছিল নো-বল! অভিষেক ফিরে আসেন, আর তারপর থেকে পাঞ্জাবের বোলারদের ওপর চালান তাণ্ডব। ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি, যা আইপিএলের ইতিহাসে পঞ্চম দ্রুততম সেঞ্চুরি।
১৪ চার ও ১০ ছক্কায় সাজানো তাঁর ১৪১ রানের ইনিংস হায়দরাবাদকে ২৪৬ রানের বিশাল লক্ষ্য ৮ উইকেটে জিতিয়ে দেয়, যা আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।
ট্রাভিস হেডের সঙ্গে ১৭১ রানের ওপেনিং জুটি এই জয়ের ভিত গড়ে দেয়। এই জয়ের সঙ্গে হায়দরাবাদ তাদের টানা চার ম্যাচ হারের ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল।



















































































































































































































































































































































































































































