কি কারনে হামজা চৌধুরীর মেজাজ হারান-newsedge24
  • April 22, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

ইংলিশ চ্যাম্পিয়নশিপে সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে বার্নলির কাছে ২-১ গোলে হেরে প্রিমিয়ার লিগে সরাসরি উঠার সুযোগ হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচে দলের হারের পর ক্ষুব্ধ হয়ে পড়েন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। ম্যাচ শেষে বার্নলি সমর্থকদের আচরণে তিনি মেজাজ হারান, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট।

দ্য মিরর, ডেইলি মিরর, দ্য সান ও দ্য আইরিশ সানের মতো ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বার্নলির সমর্থকদের উদ্দাম উদযাপন ও বাজে আচরণে ক্ষুব্ধ হন সম্প্রতি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করা হামজা। দ্য সান জানায়, এক বার্নলি সমর্থক জয় উদযাপনের জন্য হামজার গায়ের ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। এমন পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারেননি লিস্টার সিটি থেকে ধারে শেফিল্ডে আসা এই তারকা মিডফিল্ডার। তিনি সমর্থকদের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন, যদিও নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেন। কিন্তু ক্ষোভের মাত্রা এতটাই তীব্র ছিল যে, নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করে তিনি এগিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তাকে জোর করে টানেলে নিয়ে যাওয়া হয়।

ম্যাচে বার্নলির অধিনায়ক জশ ব্রাউনহিলের জোড়া গোলে শেফিল্ডকে হারিয়ে লিডস ইউনাইটেডের পর দ্বিতীয় দল হিসেবে ২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা পায় বার্নলি। এই জয়ে তাদের সমর্থকদের উন্মাদনা তুঙ্গে ছিল। তবে, ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, সমর্থকদের উত্তেজনা সীমা ছাড়িয়ে যায়, যা হামজার ক্ষোভের কারণ হয়।

এ ঘটনায় ফুটবল অথরিটি (এফএ) টার্ফ মুরে সমর্থকদের মাঠে ঢোকার ঘটনা তদন্ত করছে। শেফিল্ড ইউনাইটেড কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেনি, তবে হামজার প্রতি সমর্থকদের আচরণে তিনি বিশেষভাবে ক্ষুব্ধ ছিলেন বলে জানা গেছে। শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডার বলেন, “আমাদের খেলোয়াড়দের সুরক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এটা ভীতিকর ছিল।”

হামজা, যিনি ডান-ব্যাক হিসেবে খেলেছিলেন, এখন শেফিল্ডের হয়ে প্লে-অফে মনোযোগ দেবেন। তবে এই ঘটনা বাংলাদেশের ফুটবল ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *