বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য ব্রাজিল দলের নতুন কোচ কার্লো আনচেলোত্তি তার প্রথম স্কোয়াড ঘোষণা করেছেন। রিয়াল মাদ্রিদের মৌসুম শেষে তড়িঘড়ি ব্রাজিলে পৌঁছে এই ইতালিয়ান কোচ দল ঘোষণা করেন। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে জায়গা পাননি নেইমার জুনিয়র। তবে ফিরেছেন ক্যাসেমিরো, রিচার্লিসন এবং স্প্যানিশ লা লিগায় দ্যুতি ছড়ানো অ্যান্টনি।
রোববার ব্রাজিলে পৌঁছে পরদিনই আনচেলোত্তি ২৩ সদস্যের দল ঘোষণা করেন। রিও ডি জেনিরোতে সেলেসাওদের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচিত হওয়ার সময় তিনি বলেন, “বিশ্বের সেরা দলের দায়িত্ব পেয়ে গর্বিত। ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হবে বলে আশা করি।”
দলে ফিরেছেন লিভারপুলের গোলকিপার আলিসন বেকার, যিনি চোট থেকে সেরে উঠেছেন। রিয়াল বেতিসে ধারে গিয়ে নিজেকে ফিরে পাওয়া অ্যান্টনি, আর্সেনালের গাব্রিয়েল মার্টিনেল্লি এবং উলভারহ্যাম্পটনের মাতেউস কুনহাও দলে স্থান পেয়েছেন। তবে বাদ পড়েছেন জোয়াও পেদ্রো, সাভিনহো এবং রিয়াল মাদ্রিদের রদ্রিগো, যিনি শেষ কয়েক ম্যাচে দলের বাইরে ছিলেন।
ব্রাজিল আগামী ৫ জুন ইকুয়েডর এবং ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে। কনমেবল অঞ্চলে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষ ছয় দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলবে, আর সপ্তম দলকে প্লে-অফে অংশ নিতে হবে।
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: আলিসন বেকার, বেন্তো, উগো সুজা
রক্ষণভাগ: আলেক্স সান্দ্রো, দানিলো, লিও ওরতিজ, ওয়েসলি, বেরালদো, মার্কিনিওস, আলেক্সান্দ্রো, কার্লোস আলগুস্তো, ভ্যান্ডারসন
মধ্যমাঠ: আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারাইস, আন্দ্রেই সান্তোস, ক্যাসেমিরো, এদেরসন, গেরসন
আক্রমণভাগ: এস্তেভাও, অ্যান্টনি, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, মাতেউস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, রিচার্লিসন


















































































































































































































































































































































































































































