bpl2025-newsedge24
  • July 1, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ‘নোয়াখালী রয়্যালস’ নামে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে লন্ডনভিত্তিক কোম্পানি সায়ান’স গ্লোবাল। কোম্পানিটি ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তাদের আগ্রহের কথা জানিয়েছে। তাদের ওয়েবসাইটে যোগাযোগের জন্য লন্ডনের একটি ঠিকানা উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই ২০২৫) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সায়ান’স গ্লোবালের মালিক লন্ডনভিত্তিক ব্যবসায়ী আহমেদ জামিল। তিনি বলেন, “আমরা আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুত। আমরা জানি বিসিবির কাছে কী কী নথিপত্র জমা দিতে হবে, এবং আমরা সেগুলো ইতোমধ্যে প্রস্তুত করেছি। আমরা আশা করি, বিসিবি আমাদের প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনা করবে এবং নোয়াখালীর মানুষের প্রত্যাশা পূরণ করবে।”

আহমেদ জামিল আরও বলেন, “আমরা নোয়াখালীর নামে দল কিনতে চাই। অন্য কোনো নাম আমরা নেব না। আমাদের লক্ষ্য নোয়াখালীকে প্রচার করা।”

বিসিবির চলমান পরিচালনা পর্ষদের সভায় ‘নোয়াখালী রয়্যালস’ নামে ফ্র্যাঞ্চাইজি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আহমেদ জামিল জানান, “একটি বোর্ড সভা চলছে। সেই সভায় সিদ্ধান্ত হবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে কিনা, এবং হলে আমাদের জানানো হবে কী কী নথিপত্র প্রয়োজন।”

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বিপিএলের পরবর্তী আসরে নতুন দল যুক্ত করার পরিকল্পনা করছে বিসিবি। এর আগে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি বাদ পড়েছে, কারণ তাদের মালিকানা গ্রুপ ভ্যালেন্টাইন গ্রুপের বিরুদ্ধে খেলোয়াড়দের পাওনা পরিশোধে ব্যর্থতার অভিযোগ উঠেছে। ‘নোয়াখালী রয়্যালস’-এর প্রস্তাব গৃহীত হলে এটি বিপিএলের নতুন মুখ হিসেবে নোয়াখালীর প্রতিনিধিত্ব করবে।

তথ্যসূত্রঃ বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *