ইংল্যান্ড-ভারত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের একটি সিদ্ধান্ত নিয়ে মাঠে উত্তেজনাপূর্ণ মুহূর্ত দেখা গেল। ভারতের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারে ইংলিশ পেসার জশ টাং-এর বলে যশস্বী জয়সোয়ালের বিরুদ্ধে এলবিডব্লু আবেদনের পর আম্পায়ার সৈকত তাঁর আঙুল তুলে আউট ঘোষণা করেন। তবে, এই সিদ্ধান্ত নিয়ে জয়সোয়াল দ্বিধাগ্রস্ত ছিলেন এবং সঙ্গী লোকেশ রাহুলের সঙ্গে আলোচনার পর রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন।
জয়সোয়ালের রিভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হতেই ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস আম্পায়ার সৈকতের কাছে ছুটে যান। তাঁর দাবি ছিল, রিভিউ নেওয়ার জন্য নির্ধারিত ১৫ সেকেন্ড সময় পেরিয়ে গেছে, তাই রিভিউ গ্রহণযোগ্য নয়। সৈকত জানান, জয়সোয়াল সময়ের মধ্যেই রিভিউ চেয়েছেন। এরপরও স্টোকস তর্ক চালিয়ে যান, এবং মাঠের অপর আম্পায়ার ক্রিস গাফানিও এসে আলোচনায় যোগ দেন। স্টোকসকে এই সময় বেশ অসন্তুষ্ট দেখা গেছে।
আরও পড়ুন: ভারতের ঐতিহাসিক কীর্তি বৃথা, হেডিংলি টেস্টে ১-০ ব্যাবধানে এগিয়ে গেল ইংল্যান্ড
এর আগে ভারতের প্রথম ইনিংসেও জয়সোয়ালের বিরুদ্ধে ক্রিস ওকসের এলবিডব্লু আবেদনে সৈকত নটআউট দিয়েছিলেন। স্টোকস তখন রিভিউ নিলেও ‘আম্পায়ার্স কল’ বহাল থাকে। গত ডিসেম্বরে বোর্ডার-গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টে তৃতীয় আম্পায়ার হিসেবে জয়সোয়ালকে আউট দিয়ে শরফুদ্দৌলা আলোচনায় এসেছিলেন।
চলমান এজবাস্টন টেস্টে সৈকত অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ম্যাচে ভারত ও ইংল্যান্ড মিলে ৭টি রিভিউ নিয়েছে, যার মধ্যে মোহাম্মদ সিরাজের ব্রাইডন কার্সের বিরুদ্ধে নটআউট সিদ্ধান্ত ছাড়া কোনোটিই সফল হয়নি।


















































































































































































































































































































































































































































