বাংলাদেশ নারী ফুটবল দলের গোল উৎসব-newsedge24
  • July 5, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

বাংলাদেশ নারী ফুটবল দল ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ ‘সি’র অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে অস্ট্রেলিয়ায় মূল পর্বে জায়গা করে নিয়েছে। ইতোমধ্যে বাহরাইনকে ৭-০ এবং স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপ মূলপর্বে নিশ্চিত করায় এই ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। তবে বাংলাদেশের মেয়েরা প্রথমার্ধেই গোল উৎসব করে ম্যাচটিকে একপেশে করে ফেলে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে তহুরা খাতুনের কাট-ব্যাক থেকে বক্সের বাইরে স্বপ্না রানীর জোরালো শট গোলরক্ষককে ফাঁকি দেয়। ষষ্ঠ মিনিটে শামসুন্নাহার জুনিয়র আফঈদা খন্দকারের হেড ফেরানো আলগা বলে নিখুঁত টোকায় গোল করেন। ১৩তম মিনিটে শামসুনাহার সিনিয়রের ক্রসে জুনিয়র আবারো গোল করে স্কোরলাইন ৩-০ করেন। ১৬তম মিনিটে মনিকা চাকমা বক্সের ওপর থেকে দৃষ্টিনন্দন শটে চতুর্থ গোল আদায় করেন। ১৭তম মিনিটে ঋতুপর্ণা চাকমা বক্সের বাইরে থেকে শটে গোলরক্ষকের হাত ফসকে পঞ্চম গোল পান। এরপর তুর্কমেনিস্তান গোলরক্ষক পরিবর্তন করলেও ২০তম মিনিটে ঋতুপর্ণার ক্রসে তহুরার টোকায় ষষ্ঠ গোল আসে। ৪০তম মিনিটে ঋতুপর্ণার বাঁকানো শট ক্রসবার ছুঁয়ে জালে জড়িয়ে ৭-০ করে।

আরও পড়ুন: বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে

দ্বিতীয়ার্ধে কোচ পিটার বাটলার পাঁচটি পরিবর্তন এনে বেঞ্চ পরখ করেন। তুর্কমেনিস্তান রক্ষণাত্মক খেলায় মনোযোগ দেয়, ফলে বাংলাদেশ আর গোল পায়নি। বদলি খেলোয়াড় শাহিদা আক্তার রিপা সুযোগ মিস করায় স্কোরলাইন আর বাড়েনি। তিন ম্যাচে ৯ পয়েন্ট, ১৬ গোল করে এবং মাত্র ১ গোল হজম করে বাংলাদেশ গ্রুপ শীর্ষে থেকে বাছাই শেষ করে।

ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র দুটি করে গোল করেন, তহুরা খাতুন, মনিকা চাকমা ও স্বপ্না রানী একটি করে গোল পান। এই জয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলবে, যা ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। দলটি সোমবার (৭ জুলাই) দেশে ফিরবে, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *