মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির দাপুটে জয়-newsedge24
  • July 20, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 2

মেজর লীগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ গোলে দাপুটে জয় পেয়েছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করে দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন। এই ম্যাচে তিনি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ডও ভেঙেছেন।

রোববার ভোরে রেড বুল অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে নিউইয়র্ক ৯টি শটের মধ্যে মাত্র ২টি লক্ষ্যে রাখতে পারে। অন্যদিকে, ৬৩ শতাংশ বল দখলে রাখা মায়ামি ১৩টি শটের মধ্যে ৮টি লক্ষ্যে রাখে। ১৪তম মিনিটে কর্নার কিক থেকে অ্যালেক্সান্ডার হ্যাকের গোলে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। তবে ২৪তম মিনিটে মেসির দুর্দান্ত অ্যাসিস্টে জর্দি আলবা সমতা ফেরান। মেসির রক্ষণচেরা পাসে তিন প্রতিপক্ষ খেলোয়াড়কে বোকা বানিয়ে আলবা গোলটি করেন। এই অ্যাসিস্টের মাধ্যমে মেসি ২০০৭ সাল থেকে টানা ১৯ পঞ্জিকাবর্ষে ৩০ বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখার মাইলফলক স্পর্শ করেন।

২৭তম মিনিটে মেসির আরেকটি চিপ পাসে আলবার মাধ্যমে বল পেয়ে তেলাসকো সেগোভিয়া গোল করে মায়ামিকে এগিয়ে দেন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সেগোভিয়া নিজের দ্বিতীয় গোল করেন। বিরতির পর ৬০তম মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে ফাঁকায় বল পেয়ে মেসি দুর্দান্ত গোল করেন। ৭৫তম মিনিটে লুইস সুয়ারেজের ভাসানো বলে হাফ ভলি শটে মেসি নিজের দ্বিতীয় গোলটি করেন।

এই জোড়া গোলে মেসি রোনালদোর পেনাল্টিবিহীন গোলের রেকর্ড ভেঙেছেন। রোনালদোর ৯৩৮ ক্যারিয়ার গোলের মধ্যে পেনাল্টিবিহীন গোল ৭৬৩টি, আর মেসির ৮৭৪ গোলের মধ্যে পেনাল্টিবিহীন গোল এখন ৭৬৪টি। উল্লেখ্য, মেসি রোনালদোর চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেছেন। চলতি এমএলএস মৌসুমে ১৮ গোলে মেসি এখন ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে যৌথভাবে শীর্ষে।

আরও পড়ুন: আর্জেন্টিনায় ১২ বছর পর সফরকারী সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি

এই জয়ে ২১ ম্যাচে ১২ জয়, ৫ ড্র, ও ৪ হারে ৪১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা সিনসিনাটির চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে থাকলেও মায়ামির তিনটি ম্যাচ কম খেলা। আগামী তিন ম্যাচ জিতলে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ রয়েছে মেসিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *