পাকিস্তানের বিপক্ষে নাটকীয় জয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ-newsedge4
  • July 23, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮ রানের নাটকীয় জয়ে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এটি একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইনিংসের শেষ বলে ১৩৩ রানে অলআউট হয়। টপ অর্ডারের ব্যর্থতার মুখে জাকের আলী অনিক এক প্রান্ত আগলে রেখে ৪৮ বলে ৫৫ রানের ম্যাচসেরা ইনিংস খেলেন। শেখ মেহেদী ২৫ বলে ৩৩ রান করে তাকে সঙ্গ দেন। পঞ্চম উইকেটে এই দুজনের ৪৯ বলে ৫৩ রানের জুটি বাংলাদেশকে লড়াই করার মতো স্কোর গড়তে সহায়তা করে।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯.২ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায়। তাদের ইনিংসের শুরুতেই ধস নামে, পঞ্চম ওভারের শেষে স্কোর ছিল মাত্র ১৫/৫। ফাহিম আশরাফ ৩২ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানের অফ-কাটারে আউট হয়ে ম্যাচ থেকে ছিটকে যান। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট, তানজিম হাসান সাকিব ও মেহেদী হাসান ২টি করে উইকেট নেন।

আরও পড়ুন: ঢাকায় এসিসি সভা বর্জনের সিদ্ধান্ত ভারতের

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচসেরা জাকের আলী বলেন, “ম্যাচ জেতানো ইনিংস খুব জরুরি। আমি শুধু ম্যাচ জেতানো ইনিংসগুলোই কাউন্ট করি। যদি ভালো খেলি আর দল না জেতে, আমি কাউন্ট করি না। আজকে অবদান রাখতে পেরেছি, আজকে কাউন্ট হবে।”

বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস জানান, “আমরা টসে হেরে ব্যাট করতে নেমেছিলাম। পাওয়ারপ্লেতে ভালো ব্যাটিং করতে পারিনি, কিন্তু জাকের এবং মেহেদী যেভাবে খেলেছে, তা দেখতে অসাধারণ ছিল। উইকেট দেখে মনে হচ্ছিল ১৩০-১৪০ রানের। আমাদের বোলাররা দারুণভাবে বোলিং করেছে।” তিনি এই জয়কে সম্প্রতি বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি উৎসর্গ করেন।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২৪ জুলাই মিরপুরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এখন পূর্ণ জয়ের লক্ষ্যে মাঠে নামবে, আর পাকিস্তান চাইবে হোয়াইটওয়াশ এড়াতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *