আগামী সপ্তাহে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচটি বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির জন্য হতে পারে ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে তার শেষ বাছাই ম্যাচ। মেসি নিজে এটি নিশ্চিত না করলেও, তার বক্তব্যে এমন ইঙ্গিতই পাওয়া গেছে।
ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ফাইনালে ওঠার পর মেসি বলেন, “আমার জন্য এটা হবে খুব খুব বিশেষ ম্যাচ। কারণ, বাছাইপর্বে (ঘরের মাঠে) এটাই শেষ ম্যাচ।” তিনি আরও বলেন, “জানি না এরপর প্রীতি ম্যাচ কিংবা আরও ম্যাচ থাকবে কি না। কিন্তু এই ম্যাচটা খুবই বিশেষ। তাই আমার সঙ্গে আমার পরিবার সেখানে থাকবে; আমার স্ত্রী, সন্তান, বাবা-মা ও ভাইবোনেরা। আমরা এভাবেই উপভোগ করতে চাই। তারপর কী হবে, জানি না।”
আরও পড়ুন: ব্রাজিল দলে নেই নেইমার-ভিনিসিয়ুস-রদ্রিগো
আর্জেন্টিনা ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাটিতে তাদের বাছাইপর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, মেসি এর আগে ইঙ্গিত দিয়েছেন যে ২০২৬ বিশ্বকাপের পর তিনি জাতীয় দল থেকে অবসর নিতে পারেন। এই হিসেবে, আর্জেন্টিনা যদি বিশ্বকাপের আগে ঘরের মাঠে কোনো প্রীতি ম্যাচ না খেলে, তবে ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচটিই হতে পারে মেসির ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ।


















































































































































































































































































































































































































































