সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এই ড্রয়ের ফলে শিরোপা জয়ের দৌড়ে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে পড়েছে। আজ সন্ধ্যা ৬টায় টুর্নামেন্টের অন্য ম্যাচে ভারত যদি নেপালকে হারায়, তাহলে ভারতই চ্যাম্পিয়ন হবে। তবে ভারত যদি নেপালের কাছে হারে বা ড্র করে, তাহলেই শিরোপার আশা টিকে থাকবে বাংলাদেশের।
চার দলের লিগভিত্তিক এই টুর্নামেন্টে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, ভারত ৪ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। নেপালের বিপক্ষে ভারত যদি ৩ পয়েন্ট অর্জন করে, তাহলে তারা ১৫ পয়েন্টে পৌঁছে যাবে, যা বাংলাদেশের পক্ষে ছোঁয়া সম্ভব হবে না। এমন ক্ষেত্রে ভারত এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হবে।
আরও পড়ুন: নেপালকে ৪-১ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। ষষ্ঠ মিনিটে মাঝমাঠ থেকে আক্রমণ শাণিয়ে পূর্ণিমা মারমা ডি-বক্সের বাইরে থেকে লং শটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের রক্ষণের ভুলে সমতায় ফেরে ভুটান। বিরতির আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভুটানের চোর্টেন জাংমো সতীর্থের লম্বা পাস ধরে বাংলাদেশের হাইলাইন ডিফেন্সের দুর্বলতা কাজে লাগিয়ে গোল করে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোলের জন্য একের পর এক আক্রমণ চালালেও ভুটানের গোলমুখে সুযোগ তৈরি করেও গোল আদায় করতে ব্যর্থ হয়। আগের ম্যাচে হ্যাটট্রিক করা সৌরভী আকন্দ ভুটানের অর্ধে সক্রিয় ছিলেন, কিন্তু আজ গোলের নিশানা খুঁজে পাননি।


















































































































































































































































































































































































































































