সৌদি প্রো লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে আল তাওউনের বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয় পেয়েছে আল নাসর। ম্যাচে জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিক ও ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোল দলের জয় নিশ্চিত করেছে। এই ম্যাচে রোনালদো ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন।
ম্যাচে আল নাসর পুরোপুরি আধিপত্য বিস্তার করে। কিং আবদুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে তারা ৬০ শতাংশ বল দখলে রেখে ২১টি শটের মধ্যে ১০টি লক্ষ্যে রাখে। অন্যদিকে, স্বাগতিক আল তাওউন মাত্র ৪টি শট নিয়ে ১টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
ম্যাচের সপ্তম মিনিটে ২৫ বছর বয়সী জোয়াও ফেলিক্স বাঁ পায়ের দুর্দান্ত শটে প্রথম গোলটি করেন। বিরতির আগে আল নাসর কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোল পায়নি। দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে রোনালদো পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এটি তার ক্যারিয়ারের ১৭৬তম পেনাল্টি গোল এবং ৪০ বছর বয়সের পর ৪০তম গোল অবদান। এই গোলের মাধ্যমে তার মোট গোলসংখ্যা এখন ৯৪০, হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ৬০ গোল দূরে।
আরও পড়ুন: আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ আগামী সপ্তাহে!
পরের মিনিটেই (৫৫তম) কিংসলে কোমান উড়ন্ত হেডে তৃতীয় গোলটি করেন। ৬৭তম মিনিটে সাদিও মানের পাস থেকে ফেলিক্স ডি-বক্সের বাইরে থেকে কামানের গতির শটে দ্বিতীয় গোলটি করেন। ম্যাচের ৮৬তম মিনিটে নাটকীয়ভাবে ফেলিক্সের হ্যাটট্রিক পূর্ণ হয়। রোনালদোর শট গোলপোস্টে লেগে ফিরে আসে, এবং আল তাওউনের গোলকিপার আবদুলকুদ্দুস আতিয়াহ বল ফেরাতে গিয়ে গোললাইনের ভেতর পড়ে যান। ফিরতি বলে ফেলিক্স কাছ থেকে শট নেন, যা গোললাইন অতিক্রম করে।
চেলসি থেকে এ মৌসুমে আল নাসরে যোগ দেওয়া ফেলিক্স সৌদি সুপার কাপে দুটি ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখানোর পর লিগ অভিষেকে হ্যাটট্রিক করে নজর কাড়েন।



















































































































































































































































































































































































































































