বাংলাদেশের বক্সার হাসান শিকদার-newsedge24
  • August 30, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

বাংলাদেশের বক্সিং ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো। বাংলাদেশের বক্সার হাসান শিকদার ভারতের লোকেশ দাঙ্গিকে পরাজিত করে ডব্লিউবিসি (ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল) এশিয়ান কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন। এটি বাংলাদেশের জন্য প্রথমবারের মতো ডব্লিউবিসি’র কোনো শিরোপা অর্জন।

এই ঐতিহাসিক জয় এলো রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এএফ বক্সিং প্রমোশন আয়োজিত এক্স ৩৬০ ফাইট নাইটে। ১০ রাউন্ডের উত্তেজনাপূর্ণ এই ম্যাচে হাসান নবম রাউন্ডে ভারতীয় বক্সার লোকেশ দাঙ্গিকে নকআউট করে বিজয় ছিনিয়ে নেন।

জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে হাসান শিকদার বলেন, “দীর্ঘ পাঁচ বছরের কঠোর পরিশ্রম ও কষ্ট স্বার্থক হলো।” তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক পদক জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এএফ বক্সিং প্রমোশনের চেয়ারম্যান আসাদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “তার সমর্থন ও সুযোগ প্রদানের কারণেই আজ আমি এই অর্জন করতে পেরেছি।”

আরও পড়ুন: প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আঞ্চলিক টুর্নামেন্টের উদ্যোগ বিসিবির

এএফ বক্সিং প্রমোশনের কমিশনার আসাদুজ্জামান, যিনি দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী বক্সিং ও বিশ্ব চ্যাম্পিয়ন বক্সারদের নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশকে ডব্লিউবিসি’তে প্রতিনিধিত্ব করছেন, এই জয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, “বাংলাদেশের বক্সিং এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে একজন বিশ্ব চ্যাম্পিয়ন উঠে আসবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *