এশিয়া কাপ ম্যাচে পাকিস্তানকে সহজেই হারিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় রয়েছে হ্যান্ডশেক বিতর্ক। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে ভারতীয় খেলোয়াড়রা নিজেদের মতো করে প্রতিবাদ জানিয়েছেন। ম্যাচের শুরুতে টসের পর পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত না মিলিয়ে খেলা শুরু করেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। খেলার শেষেও ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানীদের সঙ্গে হ্যান্ডশেক নাকরে মাঠ ছেড়ে যান।
খেলা শেষে সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার যাদবকে প্রশ্ন করা হয়, ভারত কি খেলোয়াড়ি মানসিকতা দেখায়নি? জবাবে তিনি বলেন, “কিছু কিছু বিষয় শুধু খেলোয়াড়ি মানসিকতা দিয়ে বিচার করা যায় না। সেটাকেও ছাপিয়ে যায়। আমরা পেহেলগাম হামলায় নিহতদের পরিবারের পাশে রয়েছি। ভারতের সাহসী সেনাবাহিনীর পাশেও রয়েছি।”
আরও পড়ুন: শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হার, সুপার ফোরের পথ কঠিন বাংলাদেশের
ভারতীয় দলের এই প্রতীকী প্রতিবাদ নিয়ে পাকিস্তানের ক্রিকেটাররা অসন্তুষ্ট। তারা পুরস্কার প্রদান অনুষ্ঠান বয়কট করেছেন। টসের পর হাত না মেলানো ছাড়াও খেলা শেষে সূর্যকুমার সঙ্গী শিবম দুবে নিয়ে সোজা সাজঘরে ফিরে যান। ভারতের বাকি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ সাজঘর থেকে নামেননি। অথচ সালমনসহ পুরো পাকিস্তান দল অপেক্ষা করছিল হাত মেলানোর জন্য। পাকিস্তানী খেলোয়াড়রা যাতে তাদের সাজঘরে না যেতে পারেন, তার জন্য ভারতীয়রা দরজা বন্ধ করে দেন।


















































































































































































































































































































































































































































