এশিয়া কাপের সুপার ফোরে আজ বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগারদের সামনে বড় চ্যালেঞ্জ—টুর্নামেন্টের অপরাজিত দল ভারত। এরপর বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল হবে।
শ্রীলংকার বিপক্ষে জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়ালেও, সূর্যকুমার যাদবের নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন ভারত শক্তিমত্তায় অনেক এগিয়ে। পাকিস্তান ইতিমধ্যে দুই ম্যাচে ভারতের কাছে পরাস্ত হয়েছে। ফলে বাংলাদেশ কীভাবে প্রতিরোধ গড়ে তুলবে, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
তবে টাইগার কোচ ফিল সিমন্স ভারতকে অতিরিক্ত ভয় পেতে নারাজ। তিনি বলেন, “প্রত্যেক দলেরই সুযোগ আছে ভারতকে হারানোর। সবকিছু নির্ভর করে ম্যাচের সাড়ে তিন ঘণ্টার খেলার ওপর। আমরা সেরা খেলাটা খেলে ভারতকে ভুল করতে বাধ্য করতে চাই। এভাবেই জয় সম্ভব।”
সিমন্স মনে করেন, পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগালে জয় আসতে পারে। তিনি ফিল্ডিংয়ে কোনো ভুল না করার ওপর জোর দিয়েছেন। “ক্যাচ, রান আউট, স্টাম্পিং—যে সুযোগই আসুক, তা হাতছাড়া করা যাবে না। আমাদের মধ্যে বিশ্বাস আছে যে সুযোগ পেলে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারব,” বলেন তিনি।
আরও পড়ুন: টানা দুটি টি-টোয়েন্টি খেলা ন্যায্য নয়: ফিল সিমন্স
আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এই হাই-ভোল্টেজ ম্যাচ। শ্রীলংকার বিপক্ষে মোস্তাফিজুর রহমান ও লিটন দাসের পারফরম্যান্স দলকে উজ্জীবিত করলেও, ভারতের বিপক্ষে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টাই হবে ফাইনালের পথে টিকে থাকার মূল চাবিকাঠি।



















































































































































































































































































































































































































































