এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার ঘটনায় ভারতের তীব্র সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও, তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। রাজনৈতিক বৈরিতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে, যা ভিলিয়ার্সের কাছে অগ্রহণযোগ্য।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দীর্ঘদিন খেলা ভিলিয়ার্স ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। তিনি তার ইউটিউব চ্যানেলে বলেন, “ট্রফি কে দেবে তা নিয়ে ভারতীয় দল খুশি ছিল না। ক্রিকেটে রাজনীতি ঢোকানো উচিত নয়। খেলাধুলাকে তার নিজস্ব মর্যাদায় উদযাপন করা উচিত। এই ঘটনা দেখে খারাপ লাগল। আশা করি, ভবিষ্যতে এটি ঠিক হয়ে যাবে। রাজনীতি ক্রিকেটারদের অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে, যা আমার পছন্দ নয়।”
আরও পড়ুন: বিতর্ক আর হতাশা দিয়ে সমাপ্তি হলো এশিয়া কাপ ২০২৫
তবে ভারতের টি-টোয়েন্টি দলের প্রশংসা করে ভিলিয়ার্স বলেন, “ভারত অত্যন্ত শক্তিশালী দল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তারা দারুণ প্রস্তুতি নিচ্ছে। তাদের প্রতিভা এবং বড় মুহূর্তে ভালো খেলার ক্ষমতা আছে।”


















































































































































































































































































































































































































































