প্রতিমন্ত্রী-আমিনুল হক-newsedge4
  • February 26, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার ক্রিকেটে ফিরে আসার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। গতকাল মিরপুরের রূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি জটিলতা কাটিয়ে এবং সব অভিযোগ থেকে মুক্তি পেলে এই দুই কিংবদন্তি ক্রিকেটারকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাদরে বরণ করে নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “আইনি জটিলতা কাটিয়ে এবং সব অভিযোগ থেকে মুক্তি পেলে এই দুই কিংবদন্তিকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাদরে বরণ করে নেয়া হবে। তবে তার আগে তাদের অবশ্যই চলমান মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করতে হবে।”

সাকিব আল হাসানের দেশে ফেরা এবং আইনি বিষয় নিয়ে বিসিবির পক্ষ থেকে সরকারের কাছে নথিপত্র জমা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, “তাদের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলো রাষ্ট্রের বিষয় এবং তা যথাযথ আইনি প্রক্রিয়ায় চলতে হবে। আমি মনে করি, একজন খেলোয়াড় হিসেবে তাদের উচিত ব্যক্তিগতভাবে আইনজীবীদের মাধ্যমে এই আইনি বিষয়গুলো মোকাবিলা করা।”

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও যোগ করেন, “তারা যদি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্দোষ প্রমাণিত হন এবং সবকিছু সঠিকভাবে সমাধান করেন, তবে আমরা তাদের মাঠে ফেরার বিষয়টিকে স্বাগত জানাবো। আইনি লড়াইয়ের পর তারা যদি দেশে ফিরে দেশের মাটিতে খেলতে পারেন, তবে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আমি অবশ্যই তাদের পাশে থাকবো।”

আরও পড়ুন: বিসিবির নতুন গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান আসিফ আকবর

উল্লেখ্য, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা—দুজনেই সাবেক আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন এবং ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা (হত্যা, দুর্নীতি সংক্রান্ত) রয়েছে। বিসিবি সম্প্রতি সাকিবের আইনি নথি সরকারের কাছে জমা দিয়েছে, যা তার দেশে ফেরা ও ক্রিকেটে অংশগ্রহণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *