দেসিরে দুয়ে-newsedge24
  • March 30, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। রবিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন দেসিরে দুয়ে। আরেকটি গোল করেন মার্কুস থুরাম।

ম্যাচের ২৯তম মিনিটে প্রথম গোল করেন দেসিরে দুয়ে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ম্যাগনেস আকলিউশের ক্রস থেকে গোল করে ফ্রান্সকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন থুরাম। দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে থুরামের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন দুয়ে। ৭৭তম মিনিটে জামিন্তন কামপাজ একটি গোল শোধ দেন কলম্বিয়ার হয়ে।

ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ৬০ হাজার ৭৩৪ জন দর্শক। হাঁটুর চোট থেকে সেরে ওঠা কিলিয়ান এমবাপ্পে বদলি হিসেবে ৭৮তম মিনিটে মাঠে নামেন। বর্তমানে তিনি ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ের জিরুর ৫৭ গোলের রেকর্ড স্পর্শ করার খুব কাছাকাছি।

১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স গত বছরের জুন মাসের পর থেকে কোনো ম্যাচে হারেনি এবং বর্তমানে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ১৩তম স্থানে থাকা কলম্বিয়া এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল।

আগামী ১৬ জুন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ‘আই’ গ্রুপের ম্যাচে সেনেগালের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। অন্যদিকে ১৭ জুন মেক্সিকো সিটিতে ‘কে’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *