২০০৯ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্টের ২০০ মিটারে বিশ্ব রেকর্ড এখনও অটুট থাকলেও, অনূর্ধ্ব-২০ বিভাগে বোল্টকে বড় ব্যবধানে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার গাউট গাউট।
দক্ষিণ সুদান বংশোদ্ভূত এই ২০ বছর বয়সী অ্যাথলেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড় শেষ করেছেন মাত্র ১৯.৬৭ সেকেন্ডে। বোল্টের অনূর্ধ্ব-২০ বয়সে সেরা সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, গাউটের এই সময় অস্ট্রেলিয়ার জাতীয় রেকর্ড এবং অনূর্ধ্ব-২০ বিভাগে বিশ্বের দ্বিতীয় সেরা। অনূর্ধ্ব-২০ তে সবচেয়ে দ্রুততম সময় যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটনের (১৯.৪৯ সেকেন্ড, ২০২২)।
গাউট এর আগে গত বছর ১৯.৮৪ সেকেন্ডে দৌড়েছিলেন (বাতাসের অনুকূলে)। এবার বৈধ দৌড়ে আরও উন্নতি করে তিনি বলেন, “এমন টাইমিং করার মতো গতি ও সক্ষমতা আমার আছে—এটা জানতে পেরে কাঁধ থেকে বড় বোঝা নেমে গেছে। এটি দুর্দান্ত অনুভূতি, আমি আরও ভালো করার জন্য প্রস্তুত।”
তার কোচ ডি শেফার্ড বলেন, “আমি এতটা আশা করিনি। ২০ সেকেন্ডের নিচে হবে বলে ভেবেছিলাম, কিন্তু এত কম সময়ে হবে তা ভাবতে পারিনি।”
দ্বিতীয় স্থানে থাকা অ্যাইডেন মারফি ১৯.৮৮ সেকেন্ডে দৌড়ে অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হয়েছেন।


















































































































































































































































































































































































































































