আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় নতুন করে বিচার কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার। প্রায় এক বছর আগে এক বিচারকের কেলেঙ্কারির কারণে প্রথম বিচার প্রক্রিয়া ভেঙে পড়েছিল।
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ম্যারাডোনা ২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান। মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বুয়েনস আইরেসের একটি বেসরকারি বাসভবনে সেরে ওঠার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং ফুসফুসে অতিরিক্ত পানি জমে (পালমোনারি ইডিমা) তার মৃত্যু হয়।
ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত সাত সদস্যের একটি দল—ডাক্তার, মনোবিজ্ঞানী ও নার্স—চরম অবহেলার অভিযোগে অভিযুক্ত। প্রসিকিউশন তাদের কর্মকাণ্ডকে ‘গুরুতর অবহেলা’ বলে অভিহিত করেছে। দোষী প্রমাণিত হলে তাদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।
অভিযুক্তদের আইনজীবীরা দাবি করছেন, ম্যারাডোনার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। তিনি দীর্ঘদিন কোকেন ও মদের আসক্তির সঙ্গে লড়াই করছিলেন।
নতুন এই বিচারে প্রায় ১২০ জন সাক্ষ্য দেবেন। এই বিচার কার্যক্রম জুলাই মাস পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।



















































































































































































































































































































































































































































