আগামী ১১ই জুন উত্তর আমেরিকায় ফুটবলের মহোৎসব শুরু হওয়ার কথা থাকলেও মাঠের লড়াইয়ের আগেই শুরু হয়েছে তীব্র কূটনৈতিক ও ক্রীড়া বিতর্ক। এক বিস্ফোরক প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি দাবি করেছেন, বিশ্বকাপে ইরানের পরিবর্তে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে খেলার সুযোগ দেওয়া হোক।
বুধবার ‘ফিন্যান্সিয়াল টাইমস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাম্পোল্লি খোদ প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে এই প্রস্তাব দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, এটি কেবল ক্রীড়া বিষয়ক নয়, বরং একটি বড় কূটনৈতিক চাল। ইরান যুদ্ধ এবং পোপের বিরুদ্ধে ট্রাম্পের কিছু মন্তব্যের কারণে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। ইতালীয় বংশোদ্ভূত জাম্পোল্লি মনে করছেন, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ইতালিকে (আজ্জুরি) বিশেষ সুযোগ দিলে মেলোনির সঙ্গে ট্রাম্পের বর্তমান শীতল সম্পর্ক মেরামত করা সহজ হবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য শুরু থেকেই ইরানের অংশগ্রহণের বিষয়ে অনড়। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যারা মাঠের লড়াইয়ে যোগ্যতা অর্জন করেছে, তারাই বিশ্বকাপে খেলবে। এদিকে, ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ জানিয়েছেন, ইরান বিশ্বকাপের প্রস্তুতি অব্যাহত রেখেছে। তবে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে।
আরও পড়ুন:
ইরান ‘অবশ্যই’ বিশ্বকাপে খেলবে: ফিফা সভাপতি
টানা তৃতীয়বারের মতো বাছাইপর্ব থেকে ছিটকে পড়া ইতালির স্বপ্ন এবার ভেঙেছিল বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দেশ নাম প্রত্যাহার করলে অন্য দলকে অন্তর্ভুক্ত করার পূর্ণ স্বাধীনতা ফিফার রয়েছে। তবে ইরান যদি শেষ পর্যন্ত সরে দাঁড়ায়, তবে এশিয়ার প্রতিনিধি হিসেবে সংযুক্ত আরব আমিরাতও তাদের জায়গার জোরালো দাবিদার হতে পারে।
এই নাটকীয় প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস, ফিফা কিংবা সংশ্লিষ্ট দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।



















































































































































































































































































































































































































































