২০২৬ ফুটবল বিশ্বকাপ বর্জন করছে ইরান-newsedge24
  • May 17, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 1

ফুটবল বিশ্বকাপ শুরুর আগে ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলা নিয়ে ইরানের অনিশ্চয়তা অনেকাংশে কেটেছে। ফিফা এবং ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) মধ্যে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক’ বলে উভয়পক্ষই মূল্যায়ন করেছে।

শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ফিফা মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোম বলেন, “ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের চমৎকার ও গঠনমূলক বৈঠক হয়েছে। আমরা খুব নিবিড়ভাবে একসঙ্গে কাজ করছি এবং বিশ্বকাপে তাদের স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-ইসরায়েল সংঘাত এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার কারণে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা চলছে। এর জেরে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দেয়। ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা।

সম্প্রতি কানাডার ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে ইরানি প্রতিনিধিদল ‘অগ্রহণযোগ্য আচরণের’ শিকার হয়ে ফিরে আসায় উদ্বেগ আরও বেড়েছিল।

ইস্তাম্বুল বৈঠকে ইরানি খেলোয়াড়দের ভিসা নিশ্চয়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ফিফা মহাসচিব। তবে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হয়নি।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বৈঠকের পর সন্তোষ প্রকাশ করে বলেন, “ফিফা আমাদের উত্থাপিত ১০টি পয়েন্টই মনোযোগ দিয়ে শুনেছে এবং প্রতিটির জন্য কার্যকর সমাধানের ইঙ্গিত দিয়েছে। আল্লাহর রহমতে, আমাদের জাতীয় দল কোনো ঝামেলা ছাড়াই বিশ্বকাপে অংশ নিতে পারবে এবং ভালো ফলাফল করবে।”

এর আগে ইরান ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তা প্রত্যাখ্যান করেন।

ইরান দল আগামীকাল তেহরান ছেড়ে তুরস্কে বিশেষ অনুশীলন ক্যাম্পে যাবে। এরপর জুনের শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে ক্যাম্প করবে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর।

1 comment on “বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে ফিফার সঙ্গে ইরানের ইতিবাচক বৈঠক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *