আসন্ন বিশ্বকাপ ম্যাচে মিশরের বিপক্ষে মোহাম্মদ সালাহকে নিয়ন্ত্রণে রাখার বিশেষ পরিকল্পনা সাজিয়েছে নিউজিল্যান্ড। সোমবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচ।
২০১০ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া সাবেক কোচ রিকি হারবার্ট বলেন, “সালাহ একজন বিশ্বমানের খেলোয়াড়। তাকে সম্মান দিতে হবে। তবে অতিরিক্ত খেলোয়াড় দিয়ে মার্ক না করে তার জায়গা সীমিত করার মাধ্যমে ভারসাম্য রক্ষা করতে হবে। যদি সালাহকে একের বিপক্ষে এক পরিস্থিতিতে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে আমাদের জন্য খুবই কঠিন হয়ে উঠবে।”
হারবার্ট আরও বলেন, নিউজিল্যান্ডের রক্ষণভাগকে সুসংহত ও গোছানো রাখতে হবে। সালাহর সামনে খেলার ক্ষমতা নিষ্ক্রিয় করা এবং তার মারাত্মক পাস থেকে ক্ষতি এড়ানোর উপায় বের করতে হবে। সালাহ ও ওমর মারমুশের আক্রমণাত্মক জুটি নিউজিল্যান্ডের রক্ষণের জন্য বড় পরীক্ষা হবে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: ফুটবল ইতিহাসে নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন
তিনি মিশরকে ইরানের চেয়েও কঠিন প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছেন। ইরানের সঙ্গে ড্র করার ম্যাচটিকে অল হোয়াইটদের জন্য ভালো পদক্ষেপ ও নিজেদের পরিচয় তুলে ধরার সুযোগ হিসেবে দেখছেন হারবার্ট। তিনি আশা প্রকাশ করেন, খেলোয়াড়রা চাপমুক্ত থেকে ম্যাচ উপভোগ করলে জয়ের সম্ভাবনা থাকবে।


















































































































































































































































































































































































































































