রায়ান মেন্দেস-01038-NewsEdge24
  • June 28, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

আসন্ন বিশ্বকাপ নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে কেপ ভার্দে জাতীয় দলের অধিনায়ক রায়ান মেন্দেসকে ঘিরে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। নিউজিল্যান্ডে এক ব্রাজিলীয় নারীর করা ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

ব্রাজিলের ক্রীড়া সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চললেও ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের বিরুদ্ধে এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।

ঘটনাটি ঘটেছে গত ২৭ মার্চ। ফিফা সিরিজ টুর্নামেন্টে অংশ নিতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবস্থান করছিল কেপ ভার্দে দল। অভিযোগকারী ব্রাজিলীয় নারী স্থানীয় ফুটবল ফেডারেশনের নিয়োগপ্রাপ্ত দোভাষী ও সমন্বয়কারী হিসেবে দলের সঙ্গে একই হোটেলে ছিলেন।

অভিযোগ অনুসারে, চিলির বিপক্ষে ম্যাচের পর একটি বৈঠকে ডাকা হলে তিনি সেখানে যান। পরে জানতে পারেন সেটি অনানুষ্ঠানিক সামাজিক আয়োজন। নিজ কক্ষে ফিরে যাওয়ার কিছুক্ষণ পর রায়ান মেন্দেস তার কক্ষে প্রবেশ করে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।

তিনি শরীরের আঘাতের ছবি ও চিকিৎসা নথি পুলিশের কাছে জমা দিয়েছেন। যৌন সহিংসতায় আক্রান্তদের জন্য বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেওয়া হয়েছে। চিকিৎসা প্রতিবেদনে গলা, ঠোঁট, স্তন ও যৌনাঙ্গে আঘাতের উল্লেখ রয়েছে।

নিউজিল্যান্ড পুলিশ তদন্তের বিষয়টি নিশ্চিত করেছে। হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত ফলাফলের পর সিদ্ধান্ত নেওয়া হবে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না। পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস লাগতে পারে।

আরও পড়ুন: কানাডার কোনের পা ভেঙে কাতারের মাদিবোকে ৫ ম্যাচ নিষিদ্ধ

অভিযোগকারী নারী ও তার স্বামী ফিফা এবং কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন। তারা দাবি করেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মেন্দেসকে দল থেকে সাময়িকভাবে বাদ দেওয়া হোক।

এখন পর্যন্ত কেপ ভার্দে ফুটবল ফেডারেশন বা রায়ান মেন্দেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইন অনুসারে, তদন্ত শেষ ও আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত মেন্দেসকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে। নিউজিল্যান্ডের আইনে যৌন সহিংসতা প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *