রোহিত শর্মা-newsedge24
  • May 8, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এই তারকা ওপেনার জানিয়েছেন, গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টই ছিল তার ক্যারিয়ারের শেষ টেস্ট। এই ঘোষণার মধ্য দিয়ে ১১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

গত কয়েক দিন ধরে ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন ছিল যে রোহিত টেস্ট অধিনায়কত্ব হারাতে পারেন। এমন পরিস্থিতিতে তার অবসরের ঘোষণা এল। ২০২৪ সালে রোহিতের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ১৪ টেস্টে তিনি মাত্র ৬১৯ রান করেন, গড় ২৪.৭৬। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম টেস্টে পারিবারিক কারণে অনুপস্থিত ছিলেন। বাকি তিন টেস্টে তার ব্যাট থেকে আসে মাত্র ৩১ রান। সিডনি টেস্টে তিনি অফ ফর্মের কারণে নিজেকে একাদশ থেকে সরিয়ে নেন। এই ছন্দহীনতা এবং অধিনায়কত্ব নিয়ে সমালোচনার মুখে তিনি টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

রোহিত ইনস্টাগ্রামে লিখেছেন, “সবাইকে জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকের ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ।” তিনি ৬৭ টেস্টে ৪০.৫৭ গড়ে ৪০৩১ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ১৮টি ফিফটি।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত টি-টোয়েন্টি থেকে অবসর নেন। এখন তিনি শুধু ওয়ানডে ফরম্যাটে খেলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *