হেডিংলি টেস্টে ঋষভ পান্তের বিরুদ্ধে শাস্তি ঘোষণা-newsedge24
  • June 24, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্তের বিরুদ্ধে হেডিংলি টেস্টের তৃতীয় দিনে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) লেভেল ১ নিয়ম ভঙ্গের অভিযোগ এনে শাস্তি ঘোষণা করা হয়েছে। তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটে ইনিংসের ৬১তম ওভার শেষে। খেলার প্রথম ঘণ্টার মধ্যে ভারতীয় পেসার জশপ্রিত বুমরাহ আম্পায়ার ক্রিস গাফানির কাছে বল পরিবর্তনের আবেদন করেন, যা গ্রহণ করা হয়নি। এরপর পান্ত আম্পায়ার পল রাইফেলের কাছে একই আবেদন জানান। রাইফেল বলের আকার যাচাই করে জানান, বল ঠিক আছে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পান্ত রাগে বল ছুঁড়ে দিয়ে নিজের জায়গায় ফিরে যান। আম্পায়ারের অভিব্যক্তিতে স্পষ্ট ছিল যে তিনি পান্তের এই আচরণে সন্তুষ্ট নন।

আইসিসি’র নিয়মের ২.৮ ধারা অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা লেভেল ১ বা লেভেল ২ অপরাধ হিসেবে গণ্য হয়। লেভেল ১ অপরাধের জন্য ক্রিকেটারের ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট আরোপ করা হয়। পান্ত ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের আম্পায়ার ক্রিস গাফানি, পল রাইফেল, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার মাইক বার্নস এই শাস্তির সঙ্গে একমত হয়ে শাস্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *