• June 27, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৭ সদস্যের একটি নতুন কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১) সেলিম ফকির এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হুমায়ন কবীর। কমিটির অন্য সদস্যরা হলেন- সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানা, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার, ব্যারিস্টার শাইখ মাহাদী, উশু ফেডারেশনের সহ-সভাপতি লে. কর্নেল আবু আইয়ুব মোহাম্মদ হাসান এবং জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল।

গত ২৪ জুন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে, যেখানে কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, ২৯ আগস্ট ২০২৪-এ মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছিল, যার আহ্বায়ক ছিলেন জোবায়েদুর রহমান রানা। সেই কমিটির কার্যপরিধি ছিল ফেডারেশনের গঠনতন্ত্র পর্যালোচনা, বিদেশে দল প্রেরণের নীতিমালা মূল্যায়ন এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান। তবে, ৫২টি ফেডারেশন ও এসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠনের কাজে বেশিরভাগ সময় ব্যয় হওয়ায় গঠনতন্ত্র ও নীতিমালার মৌলিক সংস্কার আনুষ্ঠানিক রূপ পায়নি।

সার্চ কমিটির কার্যক্রম শেষ হওয়ার পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংগঠনিক সংস্কারের জন্য একটি নতুন কমিটি গঠনের কথা জানিয়েছিলেন। নতুন এই কমিটি ক্রীড়াঙ্গনের সার্বিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *