আর্জেন্টিনার ফুটবলভক্তদের জন্য অবশেষে সুখবর এসেছে। দীর্ঘ ১২ বছর পর দেশটির ঘরোয়া লীগে সফরকারী দলের সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন এবং দিনটিকে আলবিসেলেস্তে ফুটবলের ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেন।
তবে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা কাটানোর আগে সমর্থকদের আচরণ পরীক্ষা করা হবে। চলমান ঘরোয়া লীগের পরবর্তী রাউন্ডে লুনাস ও রিভারপ্লেট ক্লাবের মাঠে অনুষ্ঠিত দুটি ম্যাচে সফরকারী দর্শকদের ব্যবহার যাচাই করা হবে। এই সিদ্ধান্তে বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়ার বড় ভূমিকা রয়েছে। সম্প্রতি বেনফিকা ছেড়ে রোজারিও সেন্ট্রালে যোগ দিয়ে তিনি দর্শকদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করেছেন, যা এই নিষেধাজ্ঞা উঠানোর প্রেরণা হিসেবে কাজ করেছে।
আরও পড়ুন: নেইমার জুনিয়রের দুর্দান্ত গোলে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে সান্তোসের জয়
ক্লদিও তাপিয়া বলেন, “এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। আজ সফরকারী সমর্থকদের মাঠে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে আয়োজক ক্লাবেরও প্রতিপক্ষ দর্শকদের উপস্থিতি নিয়ে প্রত্যাশা পূরণ হবে।” তিনি আরও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “ফুটবল সমর্থক ও সমাজ এটাই চেয়ে আসছে। দুই ধরনের (প্রতিপক্ষ) সমর্থকের উপস্থিতিতে ম্যাচ আয়োজনের উপলক্ষ্য রয়েছে, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”
সংবাদ সম্মেলনে বুয়েন্স আয়ার্সের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হাভিয়ার আলোনসো উপস্থিত ছিলেন।


















































































































































































































































































































































































































































