সান্তোসের বড় পরাজয়-newsedge24
  • August 18, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

ব্রাজিলিয়ান সেরি এ লীগে সান্তোসের ঘরের মাঠ মোরুমবিআইএস স্টেডিয়ামে ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে। এটি নেইমারের পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয় এবং সান্তোসের ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে জঘন্যতম হার। ম্যাচ শেষে হতাশায়মাঠে হাঁটুতে মাথা গুঁজে কাঁদতে থাকেন নেইমার।

সতীর্থ ও প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড় তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তিনি প্রাথমিকভাবে তাদের ঝটকায় সরিয়ে দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তীব্র আবেগের সঙ্গে বলেন, “আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি পুরোপুরি হতাশ। সমর্থকদের প্রতিবাদ করার অধিকার আছে। আমাদের এই অপমান প্রাপ্য।”

প্রথমার্ধে ভাস্কো দা গামা ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে তারা ৫২ থেকে ৬৮ মিনিটের মধ্যে আরও পাঁচ গোল করে। এর মধ্যে দুটি গোল করেন ফিলিপে কৌতিনহো, যিনি গত মাসে তার শৈশবের ক্লাব ভাস্কোতে ফিরেছেন। এই জয় ভাস্কোর ১৭ বছরের মধ্যে সেরি এ-তে সবচেয়ে বড় জয়।

এই পরাজয়ের পর সান্তোস তাদের কোচ ক্লেবের শাভিয়েরকে বরখাস্ত করেছে। ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সান্তোস এখন লীগ টেবিলের ১৫তম স্থানে রয়েছে, মাত্র দুই পয়েন্ট দূরে রেলিগেশন জোন থেকে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে জাদু দেখালেন মেসি

নেইমার বলেন, “এই কান্না রাগ থেকে, সবকিছুর জন্য। আমি সবকিছু করতে পারি না, কিন্তু এটা ছিল চূড়ান্ত বাজে।” তিনি সমর্থকদের প্রতিবাদের অধিকারের কথা উল্লেখ করে বলেন, “তারা অভিশাপ দিতে চাইলে তাদের অধিকার আছে, তবে সহিংসতা ছাড়া।”

এই ম্যাচে নেইমার একটি হলুদ কার্ডও পেয়েছেন, যার ফলে তিনি পরবর্তী ম্যাচে বাহিয়ার বিপক্ষে খেলতে পারবেন না। সান্তোসের পরবর্তী ম্যাচ ২৪ আগস্ট বাহিয়ার বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *