দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার ম্যাথু ব্রিটস্কি ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়েছেন। অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার (২২ আগস্ট ২০২৫) তিনি ৭৮ বলে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে এক অনন্য রেকর্ড স্থাপন করেছেন। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে তিনিই প্রথম ব্যাটার যিনি নিজের প্রথম চার ম্যাচে চারটিতেই পঞ্চাশোর্ধ্ব রান করেছেন।
২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার তার ওয়ানডে ক্যারিয়ার শুরু করেন গত ফেব্রুয়ারিতে লাহোরে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজে। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে তিনি ১৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন, যা ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড। এই রেকর্ডটি এর আগে ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ওপেনার ডেসমন্ড হেইন্সের, যিনি ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রান করেছিলেন।
আরও পড়ুন: উইজডেন সেরা টেস্ট সিরিজের তালিকায় দুটি বাংলাদেশের
ব্রিটস্কি তার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮৩ রান করেন, যার ফলে প্রথম দুই ম্যাচে তার মোট রান দাঁড়ায় ২৩৩। এটি ওয়ানডেতে প্রথম দুই ম্যাচে ২০০ রান ছাড়ানোর প্রথম কীর্তি, যেখানে হেইন্সের ছিল ১৯৫ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে তিনি ৫৭ রান করেন, যা ওয়ানডেতে প্রথম তিন ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। আজকের ৮৮ রানের ইনিংসে (৮ চার, ২ ছক্কা) তার মোট রান দাঁড়িয়েছে ৩৭৮, যা অন্য কোনো ব্যাটারের ধারেকাছেও নেই। দ্বিতীয় সর্বোচ্চ রান (২৮০) তার সতীর্থ টেম্বা বাভুমার।
ভারতের নভজ্যোৎ সিং সিধুও তার প্রথম চার ইনিংসে চারটি ফিফটি করেছিলেন, তবে তিনি প্রথম পাঁচ ম্যাচের মধ্যে একটিতে ব্যাটিং করেননি। ফলে প্রথম চার ম্যাচে চার ফিফটির কীর্তিতে ব্রিটস্কিই একমাত্র। আজকের ম্যাচে তিনি নাথান এলিসের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন।


















































































































































































































































































































































































































































