এসএ টোয়েন্টি নিলামে ১৪ বাংলাদেশি-newsedge24
  • September 2, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি (SA20) ২০২৫-২৬ মৌসুমের নিলামে অংশ নিচ্ছেন বাংলাদেশের ১৪ জন ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, পেসার মোস্তাফিজুর রহমান এবং উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। নিলামটি ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।

সাকিব, মোস্তাফিজ ও লিটন ছাড়াও নিলামে নাম লিখিয়েছেন তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

মোট ৫৪১ জন ক্রিকেটার এই নিলামে অংশ নেবেন, যার মধ্যে ২৪১ জন বিদেশি এবং ৩০০ জন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া খেলোয়াড়। তবে বিদেশি ক্রিকেটারদের জন্য মাত্র ২৫টি এবং ঘরোয়া খেলোয়াড়দের জন্য ৫৯টি স্লট উপলব্ধ।

চমক হিসেবে এবার নিলামে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। ৪৩ বছর বয়সী এই পেসার প্রায় ১১ বছর পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরে টি-টোয়েন্টি ব্লাস্ট ও দ্য হানড্রেডে কয়েকটি ম্যাচ খেলেছেন। এবার তিনি দক্ষিণ আফ্রিকার এই জনপ্রিয় লিগে নিজেকে পরীক্ষা করতে চান।

সাকিব আল হাসান বিশ্বের প্রায় সব বড় টি-টোয়েন্টি লিগে খেলেছেন, যার মধ্যে আইপিএল, বিপিএল, পিএসএল, সিপিএল ও বিগ ব্যাশ অন্যতম। তবে এসএ টোয়েন্টিতে এখনও তিনি অংশ নেননি। বর্তমানে তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত ফর্মে রয়েছেন, যেখানে সম্প্রতি ২০ বলে ফিফটি করেছেন। এছাড়া তিনি কানাডার টি-টেন লিগ ‘সুপার সিক্সটি’তেও নাম লিখিয়েছেন।

আরও পড়ুন: ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

সাকিব গত বছর ভারতের বিপক্ষে কানপুর টেস্টে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন, এরপর থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত। ফলে এসএ টোয়েন্টিতে তার খেলার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি বলে মনে করা হচ্ছে।

তবে, এসএ টোয়েন্টির ২০২৫-২৬ মৌসুম ডিসেম্বরে শুরু হবে, যা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে সময়সূচির দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। এ কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব বাংলাদেশি ক্রিকেটারকে এই লিগে অংশগ্রহণের জন্য ছাড়পত্র নাও দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *