গতকাল রবিবার এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে টানা ষষ্ঠবার হারিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই একসময় ছিল উত্তেজনাপূর্ণ লড়াই। দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানই ছিল এগিয়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দুই দলের পারফরম্যান্সে এসেছে আমূল পরিবর্তন। অতীতের গৌরব হারিয়ে পাকিস্তান এখন ক্রিকেটে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, “আগের ম্যাচের তুলনায় পাকিস্তান এবার একটু ভালো খেলেছে। তবে ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা বন্ধ করা উচিত।” তিনি জানান, দুই দলের মধ্যে এখন আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। সূর্যকুমারের ভাষ্য, “যদি দুটি দল ১৫-২০ বার মুখোমুখি হয় এবং ফলাফল ৭-৭ বা ৮-৭ হয়, তবে তাকে প্রতিদ্বন্দ্বিতা বলা যায়। কিন্তু যদি ফলাফল ১৩-০ বা ১০-১ হয়, তবে সেটি প্রতিদ্বন্দ্বিতা নয়। আমরা পাকিস্তানের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি।”
আরও পড়ুন: লিটন-মোস্তাফিজুর রহমানের রেকর্ডের দিনে দারুন জয় বাংলাদেশের
সাম্প্রতিক পরিসংখ্যান সূর্যকুমারের কথার সত্যতা প্রমাণ করে। ২০২২ সালের এশিয়া কাপে পাকিস্তানের জয়ের পর সব সংস্করণ মিলিয়ে ভারত টানা সাতটি ম্যাচে জয়ী হয়েছে। টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে ভারতের জয় ১২টি, পাকিস্তানের মাত্র ৩টি। ওয়ানডেতে পাকিস্তান সামগ্রিকভাবে এগিয়ে থাকলেও (৬২-৫৮) সাম্প্রতিক সময়ে ভারতের আধিপত্য স্পষ্ট। ২০০৬ সাল থেকে ভারত ২৩টি ম্যাচে জয়ী হয়েছে, পাকিস্তান ১১টিতে। সবশেষ ছয়টি ওয়ানডেতে ভারতই জয় পেয়েছে।



















































































































































































































































































































































































































































