চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামী সোমবার (২৭ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে রোববার সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস জানান, বাংলাদেশ দল এখন ছক্কা হাঁকানোর ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে, যা টি-টোয়েন্টিতে তাদের শক্তির জায়গা। তবে তিনি মনে করেন, ক্রিকেট শুধু ছক্কার ওপর নির্ভর করে না; প্রয়োজনে এক-দুই রানও গুরুত্বপূর্ণ।
লিটন বলেন, “দলের ছয় থেকে সাত নম্বর পর্যন্ত ব্যাটারদের মধ্যে আমার ছক্কার সংখ্যা কম। বেশিরভাগ ক্রিকেটারই এখন বড় বড় ছক্কা মারতে পারেন, যা দলের জন্য ইতিবাচক। তবে প্রয়োজন অনুযায়ী ছক্কার পাশাপাশি এক-দুই রানও নিতে হবে।”
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে। লিটন এই ছয় ম্যাচে সহজ জয়ের চেয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান। তিনি বলেন, “আমি চাই, খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখে পড়ুক—ব্যাটিং বা বোলিংয়ে। এই ম্যাচগুলোতে চাপে থাকলে বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি আরও শক্তিশালী হবে।”
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের কারণ ব্যাখ্যা করে লিটন বলেন, “খেলোয়াড়দের মানসিকতা ও আগ্রাসী মনোভাব এই ফরম্যাটে পরিবর্তন হয়। উইকেট ও সংস্করণের ধরনও প্রভাব ফেলে। আমাদের খেলোয়াড়রা এই ফরম্যাটে কীভাবে সফল হতে হয়, তা জানে এবং তারা সফলভাবে তা প্রয়োগ করছে।”



















































































































































































































































































































































































































































