বিসিবি-নির্বাচন-newsedge24
  • November 10, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। মঞ্জু মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন। এদিকে, জাহানারার পাশে থাকার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, মঞ্জু তার সঙ্গে অশোভন আচরণ করেছেন এবং দলের ভেতরে সিন্ডিকেট কাজ করছে। বিসিবির নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদুর রহমান, বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, কর্মকর্তা শরফরাজ নেওয়াজ বাবু, ম্যানেজার এসএম ফায়াজ, ফিজিও সুরাইয়া আক্তার ও কোচ মাহমুদ ইমনের বিরুদ্ধেও অভিযোগ তোলেন।

এই অভিযোগের পরপরই একাধিক নারী ক্রিকেটার মুখ খুলতে শুরু করেছেন। সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরি দাবি করেছেন, ‘ফাহিম স্যার। নাজমুল আবেদীন ফাহিম। অনেক মেয়ের কাছ থেকেই আমি উনার চারিত্রিক সমস্যার বিষয়ে অভিযোগ পেয়েছি। আর উনার বিরুদ্ধে চরম পক্ষপাতিত্বের অভিযোগ তো আছেই।’ প্রসঙ্গত, নাজমুল আবেদীন ফাহিম এখন ক্রিকেট বোর্ডের পরিচালক।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রোববার কনফারেন্সের উদ্বোধনী দিন শেষে সাংবাদিকদের বলেন, বোর্ড যে কোনো ধরনের হেনস্তার বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির আওতায় আনা হবে। পাশে থাকা পরিচালক শাহনিয়ান তানিম বলেন, তদন্ত কমিটি পরিচালককেও তদন্ত করবে। কাউকে ছাড় দেওয়া হবে না। সুপারিশে যে কাউকে ওএসডি করতে বাধ্য থাকবে বোর্ড।

শনিবার রাতে তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়। আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। অন্য সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ব্যারিস্টার সারওয়াত বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রীও।

আরও পড়ুন: জাহানারা আলমের অভিযোগের তদন্ত করবে বিসিবি

মঞ্জু ২০২০ সালের অক্টোবরে নারী ক্রিকেটের প্রধান নির্বাচক হন। পরে টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এখন চীনে অবস্থান করছেন, চীন জাতীয় নারী দলের কোচ হিসেবে। অভিযোগের পর নীরবতা ভেঙে তিনি বলেন, বিসিবির তদন্ত কমিটির মুখোমুখি হতে প্রস্তুত। রাষ্ট্রীয় তদন্ত কমিটি গঠিত হলে সেখানেও কথা বলতে চান।

জাহানারা বাংলাদেশের হয়ে ১৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলার পাশাপাশি লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করেছেন।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাহানারার সঙ্গে যোগাযোগ করে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আইনি ব্যবস্থা নিতে চাইলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

জাহানারা আলম, যৌন হয়রানি অভিযোগ, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বিসিবি তদন্ত কমিটি, আমিনুল ইসলাম বুলবুল,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *