থাইল্যান্ডকে ৪০–৩১ পয়েন্টে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ের ফলে দেশের পদকও নিশ্চিত হয়ে গেল। শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই দুর্দান্ত জয় তুলে নেন রূপালি-আঞ্জু-রাত্রিরা।
গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি জয় নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে জায়গা করে নেয় বাংলাদেশ। এর আগে উগান্ডা ও জার্মানিকে বড় ব্যবধানে হারালেও ভারতের কাছে পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছিল।
ম্যাচের শুরুতে থাইল্যান্ড ৫–২ পয়েন্টে এগিয়ে গেলেও দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৭–৭ সমতার পর প্রথমার্ধ শেষে বৃষ্টি বিশ্বাসের সফল রেইডে ১৪–১২ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। নবম মিনিটে রেইড দিতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন শ্রাবণী মল্লিক।
দ্বিতীয়ার্ধে চিকিৎসা শেষে ফিরে এসেই দলকে উজ্জীবিত করেন শ্রাবণী। তিন মিনিটের মধ্যে থাইল্যান্ডকে অল আউট করে ১৮–১৩ এগিয়ে যায় বাংলাদেশ। নবম মিনিটে আবারও অল আউট—স্কোর ৩১–১৮। শেষ পর্যন্ত বড় ব্যবধান ধরে রেখে ৪০–৩১ পয়েন্টে জয় নিশ্চিত করে লাল-সবুজের দল।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে রাইজিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
বাঁশি বাজতেই স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে উল্লাসে। লাল-সবুজের পতাকা হাতে ম্যাটে দাঁড়িয়ে দলবদ্ধ উদযাপন করেন খেলোয়াড়রা।
টুর্নামেন্ট শুরুর আগেই ২০১২ সালের পঞ্চম স্থানকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য ছিল—অবশেষে সেটি পূরণ হলো। এখন স্বপ্ন ফাইনাল!


















































































































































































































































































































































































































































