বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে স্বাগতিক সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন রাজশাহী অধিনায়ক শান্ত। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে সিলেট।
সিলেটের হয়ে ৩৩ বলে ৫ ছক্কা ও ৪ চারে অপরাজিত ৬৫ রান করেন ইমন। রনি তালুকদার ৪১, আফিফ হোসেন ৩৩ এবং সাইম আইয়ুব ২৮ রান করেন। রাজশাহীর হয়ে সন্দীপ লামিচানে ৩৮ রানে ২ উইকেট নেন। বিনুরা ফার্নান্দো ও তানজিম হাসান সাকিব ১টি করে উইকেট পান।
১৯১ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে তানজিদ হাসান তামিম (১০) ও শাহিবজাদা ফারহান (২০) আউট হন। এরপর অধিনায়ক শান্তর ও মুশফিকুর রহিমের জুটিতে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় রাজশাহী।
আরও পড়ুন: সিলেটে শুরু হল বিপিএলের ১২তম আসর
শান্ত ৫৮ বলে ১০ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন এবং ৬০ বলে অপরাজিত ১০১ রান করেন। বিপিএল ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। মুশফিক ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫১ রান করেন। সিলেটের হয়ে মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ ১টি করে উইকেট নেন।


















































































































































































































































































































































































































































