ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিপিএল বয়কট প্রত্যাহার করে শুক্রবার থেকেই মাঠে ফিরছে। গুলশানে বিসিবির অফিসে আজ রাতে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনা সভা শেষে কোয়াব সভাপতি মাহমুদ মিঠুন এ ঘোষণা দিয়েছেন।
সভা শেষে সংবাদ সম্মেলনে মাহমুদ মিঠুন বলেন, বিসিবির সঙ্গে আলোচনায় তারা সন্তুষ্ট। উভয় পক্ষের মধ্যে ইতিবাচক পরিবেশে আলোচনা হয়েছে এবং বিষয়টি সমাধানের দিকে এগিয়েছে।
উল্লেখ্য, বিসিবি পরিচালক নাজমুল ইসলামের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে কোয়াব বিপিএল বয়কটের ঘোষণা দিয়েছিল। তাদের প্রধান দাবি ছিল— নাজমুল ইসলামকে পরিচালক পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা বিসিবিকে তাকে অপসারণ করতে হবে। কিন্তু বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী এ ধরনের অপসারণ সম্ভব না হওয়ায় বিসিবি তা করতে পারেনি।
পরবর্তীতে গতকাল রাত ৯টায় কোয়াবের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজমুল ইসলাম যদি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন তাহলে তারা সমঝোতায় রাজি আছেন। এরপরই রাত ১০টায় গুলশানে বিসিবির অফিসে উভয় পক্ষের মধ্যে আলোচনা সভা শুরু হয়। দীর্ঘ আলোচনার পর আজ রাতে সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে ক্রিকেটাররা
কোয়াব সভাপতি মাহমুদ মিঠুন আরও বলেন, “আমরা আমাদের পেশাদারিত্ব ও সম্মান রক্ষার জন্য এই অবস্থান নিয়েছিলাম। বিসিবির সঙ্গে আলোচনায় ইতিবাচক ফলাফল পাওয়ায় আমরা সন্তুষ্ট এবং এখন মাঠে ফিরে ক্রিকেট খেলতে প্রস্তুত।”


















































































































































































































































































































































































































































