বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা ব্যালন ডি’অর ২০২৫-এর আলোচনায় অনেকের চোখে সেরা ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শীর্ষ তিনেও জায়গা হয়নি তার। চার মাস পর এই প্রসঙ্গে মুখ খুলে রাফিনহা বলেছেন, ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার ছিলেন তিনিই।
প্যারিসে বর্ষসেরা খেতাব জিতেছিলেন পিএসজির উসমান দেম্বেলে। লামিন ইয়ামালকে টপকে এই ফরাসি তারকা পুরস্কার জিতলেও রাফিনহার অবস্থান হয়েছিল পঞ্চম। গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৩৪ গোল ও ২৫ অ্যাসিস্ট করা রাফিনহা জিতেছিলেন লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। চ্যাম্পিয়নস লিগে ১৪ ম্যাচে ১৩ গোল ও ৯ অ্যাসিস্ট করে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
জনপ্রিয় খেলাভিত্তিক পরিসংখ্যান ও লাইভ স্কোর প্ল্যাটফর্ম সোফাস্কোরকে দেওয়া সাক্ষাৎকারে রাফিনহা বলেন, “আমার অন্তত শীর্ষ তিনে থাকার আশা ছিল। তাই ফলাফল দেখে হতাশ হই। জানতাম যে, ব্যালন ডি’অর জেতা কঠিন ছিল। কেননা, এ পুরস্কারের জন্য চ্যাম্পিয়নস লিগ শিরোপাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। তবে শেষ পর্যন্ত নিজের অবস্থানে হতাশ ছিলাম। সত্যি বলতে, (ব্যালন ডি’অর দৌড়ে) আমি নিজেকে প্রথম স্থানেই রাখি।”
২৯ বছর বয়সী এই সেলেসাও ফরোয়ার্ডের কথায় স্পষ্ট যে, তিনি মনে করেন—চ্যাম্পিয়নস লিগ না জিতলেও তার ব্যক্তিগত পারফরম্যান্স ও দলের ঘরোয়া সাফল্য তাকে শীর্ষে রাখার যোগ্য করেছিল। বার্সেলোনা গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে উঠলেও ফাইনালে পৌঁছাতে পারেনি।
আরও পড়ুন: উইজডেনের বিশ্লেষণে আইসিসির ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নিয়ে প্রশ্ন
রাফিনহার এই মন্তব্য ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু করেছে। অনেকে মনে করছেন, চ্যাম্পিয়নস লিগের অভাবই তাকে শীর্ষ তিন থেকে বঞ্চিত করেছে। অন্যদিকে কেউ কেউ তার ব্যক্তিগত পরিসংখ্যানকে যথেষ্ট বলে মনে করছেন।


















































































































































































































































































































































































































































