• February 6, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

পুরনো প্রতিদ্বন্দ্বী আল ইত্তিহাদের জার্সি ছেড়ে আল হিলালে যোগ দেওয়ার পর প্রথম ম্যাচেই জাদু দেখালেন করিম বেনজেমা। সৌদি প্রো লিগে আল আখদুদের বিপক্ষে অভিষেক ম্যাচে ফরাসি ফরোয়ার্ড হ্যাটট্রিক করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্টও করেন। তার অসাধারণ পারফরম্যান্সে আল হিলাল ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায়।

বৃহস্পতিবার রাতে আল আখদুদের মাঠ প্রিন্স হাসান বিন আলী স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের ৩১তম মিনিটে বেনজেমা দারুণ এক ব্যাকহিল কিকে নিজের প্রথম গোল করেন। বিরতির আগে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে আল হিলাল গোলবন্যা বইয়ে দেয়।

৬০তম মিনিটে গোলপোস্টের কাছ থেকে দ্বিতীয় গোল করেন বেনজেমা। মাত্র চার মিনিট পর ৬৪তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ৩৮ বছর বয়সী এই তারকা। ৭০তম মিনিটে ম্যালকমের গোলে অ্যাসিস্ট দেন তিনি। ৭১তম মিনিটে বেনজেমাকে বদলি করে তোলা হয়। এরপর ম্যাচের শেষ দিকে সালেম আলদসারি দুটি গোল করে স্কোরলাইন ৬-০ করে দেন।

ম্যাচ শেষে বেনজেমা বলেন, “আজকের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা ভালো খেলেছি, ক্লিনশিট রেখেছি এবং অনেক গোল করেছি। সবাই খুব খুশি। নতুন ক্লাবে সবাই আমার সঙ্গে দারুণ ব্যবহার করছে, আমাকে সবকিছু দিচ্ছে। তাই মাঠে নামলে আমি তাদের জন্য নিজের সবটুকু উজাড় করে দিই।”

আরও পড়ুন: ব্যালন ডি’অরে আমি নিজেকে প্রথম স্থানেই রাখি: রাফিনহা

আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি নবায়নের টানাপোড়েনের মধ্যে দলবদলের শেষ দিনে আল হিলালে যোগ দেন বেনজেমা। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার এই অভিষেক পারফরম্যান্স সৌদি লিগে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আল হিলাল এই জয়ের মাধ্যমে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *