যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন জাতীয় ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই অঞ্চলের জন্য ৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৬১২ কোটি টাকা) বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।
ওয়াশিংটনে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমাদের শুধু বাড়ি, স্কুল, হাসপাতাল বা সড়ক পুনর্গঠন করলে হবে না। আমাদের মানুষ, তাদের আবেগ, আশা ও আস্থাকেও নতুন করে তৈরি করতে হবে। আর সেটিই ফুটবলের শক্তি।’
ফিফার ঘোষণা অনুযায়ী:
- ২০ থেকে ২৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন একটি নতুন জাতীয় স্টেডিয়াম নির্মাণে ৫ কোটি ডলার ব্যয় করা হবে।
- ১.৫ কোটি ডলার ব্যয়ে একটি ফিফা একাডেমি গড়ে তোলা হবে।
- ৫০টি ‘এরিনা মিনি পিচ’ (ছোট মাঠ) নির্মাণে ২৫ লাখ ডলার।
- ৫টি পূর্ণাঙ্গ মাঠ নির্মাণে প্রতি মাঠে ১০ লাখ ডলার করে ব্যয়।
এছাড়া গাজা পুনর্বাসন তহবিলে ৭০০ কোটি ডলার দেবে নয়টি দেশ। ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী) অংশ হিসেবে সেখানে সেনা পাঠানোর কথা জানিয়েছে আরও পাঁচটি দেশ।
আরও পড়ুন: রমজানে ইফতার বিরতি থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইএফএল ম্যাচে
উল্লেখ্য, গাজার নিজস্ব কোনো জাতীয় ফুটবল দল নেই। পশ্চিম তীরসহ সমগ্র ফিলিস্তিনকে প্রতিনিধিত্বকারী একটি একীভূত দল ১৯৯৮ সালে ফিফার স্বীকৃতি পায়। তবে এখন পর্যন্ত তারা বিশ্বকাপের মূলপর্বে জায়গা করতে পারেনি।



















































































































































































































































































































































































































































