মোহাম্মদ মিঠুন-newsedge4
  • February 26, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দর্শকদের আপত্তিকর স্লোগান ও অপমান সহ্য করতে না পেরে মেজাজ হারিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুন। দক্ষিণাঞ্চল বনাম উত্তরাঞ্চল ম্যাচে ঘটনাটি ঘটে।

টস হেরে আগে ব্যাটিং করতে নামা দক্ষিণাঞ্চলের ইনিংসের এক পর্যায়ে গ্যালারির একাংশ থেকে মিঠুনকে লক্ষ্য করে ‘দালাল, দালাল’ স্লোগান দেওয়া হয়। শুরুতে তিনি এড়িয়ে যান, কিন্তু একসময় আর মেনে নিতে পারেননি। ব্যাটিং ছেড়ে সরাসরি বাউন্ডারি লাইনের কাছে গিয়ে দর্শকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কেন তাকে এমন কথা বলা হচ্ছে, সে বিষয়ে জবাব চাইছিলেন মিঠুন। কিছুক্ষণ পর নিজেকে সামলে মৃদু হেসে উইকেটে ফিরে যান তিনি।

এই ঘটনার পেছনে গত জানুয়ারিতে বিপিএল বয়কটের আন্দোলনের প্রভাব কাজ করছে বলে মনে করা হচ্ছে। বিসিবির এক পরিচালকের মন্তব্যের জেরে লিটন দাস, মেহেদী হাসান মিরাজসহ অনেক ক্রিকেটারের সঙ্গে মিঠুনও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর মাধ্যমে বিপিএল বয়কটের ডাক দিয়েছিলেন। সেই আন্দোলনে তামিম ইকবালের সমর্থন আছে কি না—এমন প্রশ্নের মুখোমুখিও হয়েছেন মিঠুন। দর্শকদের একাংশ এখনও সেই ঘটনার জের ধরে তার ওপর ক্ষুব্ধ।

মাঠের প্রতিকূল পরিবেশ সত্ত্বেও ব্যাটিংয়ে প্রভাব পড়তে দেননি মিঠুন। দক্ষিণাঞ্চল যখন উত্তরাঞ্চলের বোলিং তোপে ১৪৪ রানে গুটিয়ে যায়, তখন এক প্রান্ত আগলে রেখে ৭৯ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এটিই দলের সর্বোচ্চ স্কোর।

ম্যাচ শেষে মিঠুন সাংবাদিকদের বলেন, “দর্শকদের ভালোবাসা আমি সবসময় অনুভব করি। কিন্তু যখন অপমান করা হয়, তখন মানুষ হিসেবে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক। আমি নিজেকে সামলে নিয়েছি, কারণ আমার কাজ মাঠে খেলা।”

এ ঘটনায় ম্যাচ রেফারি ও আম্পায়াররা পরে মিঠুনকে সতর্ক করেছেন বলে জানা গেছে। বিসিবি কর্তৃপক্ষও বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *